‘বিএনপির কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে কঠোর হাতে দমন করা হবে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i86946-বিএনপির_কর্মসূচিতে_সহিংসতার_উপাদান_যুক্ত_হলে_কঠোর_হাতে_দমন_করা_হবে’
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১২:৫৪ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো।

আজ (শনিবার) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ সচেতন রয়েছে। কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা কঠোর হাতে দমন করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেয়ার গ্যারান্টি। বিএনপি ক্ষমতায় থাকতে বারবার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে।’

রুহুল কবির রিজভী

হুংকার দিয়ে লাভ নেই: কাদেরকে রিজভী

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমাবেশ শক্ত হাতে দমনের হুমকি দিয়েছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগ নেতা ঘরে বসে হুংকার দিচ্ছেন। এই হুংকার দিয়ে লাভ নেই। কেননা, ক্ষমতাসীনদের জারিজুরি সব ফাঁস হচ্ছে।’

আজ (শনিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে, বর্তমান শাসন মাফিয়াদের দ্বারা পরিচালিত। গণতান্ত্রিক অধিকার হচ্ছে সভা-সমাবেশ করা। আর সেই সভা-সমাবেশ বন্ধ করার হুমকি কোনো রাজনৈতিক নেতা দিতে পারেন না, সেটি কেবল মাফিয়ারাই দিতে পারে।’

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দীর তিন বছর পূর্ণ হবে ৮ ফেব্রুয়ারি। দেশনেত্রীকে কারাবন্দী রাখার প্রতিবাদে ওইদিন ঢাকা মহানগরসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।’

এর আগে, সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির প্রতিবাদে রাজধানীসহ দেশের ৬টি সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে ৬ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।