বিএনপির ইস্যু ঠুনকো!- কাদের ; আ. লীগ নেতাদের পদত্যাগ করা উচিত-ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i88556-বিএনপির_ইস্যু_ঠুনকো!_কাদের_আ._লীগ_নেতাদের_পদত্যাগ_করা_উচিত_ফখরুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা মানে খেয়াল-খুশি মতো লেখা বা বলা নয় ।  শুক্রবার (১২ মার্চ) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২১ ১৩:০৪ Asia/Dhaka
  •  বিএনপির ইস্যু ঠুনকো!- কাদের ; আ. লীগ নেতাদের পদত্যাগ করা উচিত-ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা মানে খেয়াল-খুশি মতো লেখা বা বলা নয় ।  শুক্রবার (১২ মার্চ) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বলা বা লেখার ক্ষেত্রে সত্যতা এবং বস্তুনিষ্ঠতা থাকলে আইন কোন বাধা নয়। তারপরও আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেজন্য শেখ হাসিনা সরকার ইতিমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন।’ 

বিএনপির নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করতে হবে না। নির্বাচনে জনরায় মেনে নেয়ার সৎসাহস শেখ হাসিনার আছে।

বিএনপির আন্দোলন ইস্যুতে তিনি বলেন, ‘কোনও যুতসই ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে।’ 

‘বিএনপির আন্দোলনের মৌসুমি হাঁক-ডাক নেতাদের ওপর কর্মীদের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমনের চেষ্টা মাত্র’ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপির উদ্দেশ্যহীন এবং ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের ওপর ক্ষুব্ধ।

ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই দাবি জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলেন। চমৎকার ফিরোজা কালারের আসনে বসে তিনি প্রতিদিন বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেন। প্রতিদিন তিনি বিএনপিকে ধমক দেন, শিক্ষা দেন। আমি বলব, আপনি আপনার ঘরকে আগে শিক্ষা দিন। আপনার ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যেসব কথা বলেন, আপনাদের দলের নেতাদের সম্পর্কে বলেন, তারপরে তো আপনাদের পদে থাকার কথা না। পদত্যাগ করা উচিত। আপনারা নিজেদের ঘরে মারামারি করে, দলাদলি করে ইতিমধ্যে দুজনকে হত্যা করেছেন। একজন সাংবাদিক, একজন রাজনৈতিক কর্মী।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কীভাবে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশটাকে দলীয় সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছে, তা জনগণ  দেখেছেন। এই সরকার খুব সুকৌশলে রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের এখন কোনো স্বাধীনতা নেই। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। #

পার্সটুটে/এমআরকে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।