রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়েছে নিজামীকে
https://parstoday.ir/bn/news/bangladesh-i8875-রিভিউ_আবেদন_খারিজের_পূর্ণাঙ্গ_রায়_পড়ে_শোনানো_হয়েছে_নিজামীকে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৬ ১৬:৫৬ Asia/Dhaka
  • মাওলানা মতিউর রহমান নিজামী
    মাওলানা মতিউর রহমান নিজামী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়েছে।

কারা সূত্র জানিয়েছে, আজ (সোমবার) রাত পৌনে ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে থাকা মাওলানা নিজামীকে রায়টি পড়ে শোনানো হয়। তিনি প্রেসিডেন্টের কাছে ক্ষমাপ্রার্থনা করবেন কিনা তা জানা যায়নি। তবে, নিজামীর আইনজীবী তাজুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত শুক্রবার নিজামীর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন। সেখানেই পরিবারের সদস্যদের তিনি জানিয়েছেন, তিনি প্রাণভিক্ষা চাইবেন না।

আজ বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এরপর বিকেল ৫টার কিছু পর আপিল বিভাগের একটি প্রতিনিধিদল রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছে দেন। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল লাল কাপড়ে মোড়া রায়ের পূর্ণাঙ্গ কপি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে রওয়ানা হন। পরে সাতটা পাঁচ মিনিটে জেল সুপার জাহাঙ্গীর আলম রায়ের কপি গ্রহণ করেন।

এর আগে গতকাল রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

গত ৫ মে (বৃহস্পতিবার) আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে গত মঙ্গলবার রিভিউ শুনানি শেষে ৫ মে রায়ের দিন ধার্য করা হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিলেও মৃত্যুদণ্ডাদেশ বহালের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গত ২৯ মার্চ আবেদন করেন নিজামী। ৭০ পৃষ্ঠার মূল রিভিউ আবেদনের সঙ্গে ২২৯ পৃষ্ঠার নথিপত্রে তাঁর দণ্ড থেকে খালাস চেয়ে ৪৬টি (গ্রাউন্ড) যুক্তি তুলে ধরা হয়।

গত ১৫ মার্চ নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উসকানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধে গত ৬ জানুয়ারি মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল আংশিক মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়।

বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা আপিলের রায় গত ৬ জানুয়ারি ঘোষণা করে আপিল বিভাগ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০১২ সালের ২৮ মে ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু করা হয়।#

আশরাফুর রহমান/৯