বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫ হাজার ৩৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে আরও ৫২ জনের।
এ নিয়ে মোট মৃত্যুর সঙ্খ্যা দারিয়েছে মোট ৯ হাজার ৪৬। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯৫।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা দেশে মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ। এ নিয়ে পর পর দু’দিন শনাক্ত রোগীর সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেল। আর দৈনিক মৃত্যুর আজকের সংখ্যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গতবছরের ২৬ অগাস্ট ৫৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ২১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন হয়েছে। এদিকে, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে কোনো সংশয় নেই বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৩১ মার্চ) দুপুরে অনলাইনে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৩তম সভায় তিনি জানান, ভ্যাকসিনের জন্য টাকা পরিশোধ করা হয়েছে, তাই ভ্যাকসিন না পাওয়ারও কোনো কারণ নেই।
বইমেলার সময়সূচিতে পরিবর্তন
ক্রমবর্ধমান করোনা সংক্রমণের পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বইমেলা শুরু হবে বেলা প্রতিদিন বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। মঙ্গলবার পর্যন্ত বইমেলা বেলা ৩টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে আসছিল। করোনা মহামারির নানা বাধা পেরিয়ে গত ১৮ মার্চ 'অমর একুশে গ্রন্থমেলা' শুরু হয়।
মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন)। বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলে রাইড শেয়ারিং করা যাবে না।
এ বছর মার্চ থেকে আবারো করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরিবহন খাত থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। গণপরিবহনের ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সংক্রমণের উচ্চ ঝুঁকির এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করা ও প্রয়োজনে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আপাতত দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে।
ভাড়া বাড়ছে নৌপরিবহনে
করোনা সংক্রমণ রোধে গণপরিবহনের মতো নৌযানেও বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে নৌপ্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। তবে ভাড়া ভাড়ানোর দাবির বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।