৫ এপ্রিল থেকে বাংলাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i89540-৫_এপ্রিল_থেকে_বাংলাদেশে_এক_সপ্তাহের_জন্য_লকডাউন_ঘোষণা
বাংলাদেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০৩, ২০২১ ০৮:০৩ Asia/Dhaka
  •  ৫ এপ্রিল থেকে বাংলাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা

বাংলাদেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ওবায়দুল কাদের বলেন, আজ (শনিবার) সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবেন। শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে। 

তিনি বলেন, বিএনপি যে নেতিবাচক ভাইরাসে আক্রান্ত তা করোনার। করোনা মহামারিতে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা আর সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারই করোনাকালে বিএনপির সফলতা। তারা সরকারের কোনো উদ্যোগ চোখে দেখে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একবার লকডাউন নিয়ে অপপ্রচার, আবার করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার, কখনো কখনে সরকারের ব্যর্থতা খোঁজা বিএনপির রোজনামচা। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়েও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম মূল্যবোধও তারা হারিয়ে ফেলেছে। জনগণের সম্পদ বিনষ্ট আর নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এবং তার সহযোগীরা যে তাণ্ডবলীলা চালিয়েছে তার জন্য বিএনপিকেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আন্দোলনের নামে জনগণের ওপর প্রতিশোধ নেওয়াই এখন বিএনপির কৌশল। 

ওবায়দুল কাদের

লকডাউন প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয় সেই ধরনের প্রতিষ্ঠানগু‌লো লকডাউন চলাকা‌লে খোলা থাক‌বে। এছাড়া শিল্প-কলকারখানাও খোলা থাক‌বে, যা‌তে ক‌রে শ্রমিকরা শিফ‌টিংয়ের মাধ্যমে কাজ করতে পারে।

দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো না খুলতে এবং কোনও পাবলিক পরীক্ষা না নিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে দেশের বিভিন্ন স্থানের পর্যটন কেন্দ্র। বাতিল করা হচ্ছে হোটেল-মোটেলে আগাম নেওয়া বুকিং। পাশাপাশি নতুন বুকিংও বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকার থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ছয় হাজার ৮৩০ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছে অধিদফতর। সাত মার্চ থেকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে গতকাল (১ এপ্রিল) দেশে প্রথমবারের মতো শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে যায়। গতকাল শনাক্ত হন ছয় হাজার ৪৬৯ জন। এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন ৯ হাজার ১৫৫ জন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।