সিটিস্ক্যান শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া: চিকিৎসক বললেন ‘রিপোর্ট ভালো’
https://parstoday.ir/bn/news/bangladesh-i90178-সিটিস্ক্যান_শেষে_বাসায়_ফিরলেন_খালেদা_জিয়া_চিকিৎসক_বললেন_রিপোর্ট_ভালো’
ফুসফুসের সিটি স্ক্যান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাত পৌনে ১১টার দিকে তাঁকে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে নেওয়া হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৫, ২০২১ ১৯:৪৩ Asia/Dhaka
  • হাসপাতালে খালেদা জিয়া
    হাসপাতালে খালেদা জিয়া

ফুসফুসের সিটি স্ক্যান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাত পৌনে ১১টার দিকে তাঁকে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে নেওয়া হয়।

খালেদা জিয়ার ফুসফুসের অবস্থা ভালো বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার মাসুম ও মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাত সাড়ে দশটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “ম্যাডামের হাই রেজ্যুলেশনের সিটি স্ক্যান করা হয়েছে। প্রভিশনাল রিপোর্টও পেয়েছি। এটা অত্যন্ত মিনিমাম। এখন আমরা চিকিৎসকরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ অন্য যেসব চিকিৎসক আছেন সবাই মিলে আলোচনা করে যদি ওষুধ যোগ করা লাগে তা করা হবে।”

তিনি বলেন, “করোনা যেকোনো সময় যেকোনো পরিস্থিতি হতে পারে। সেজন্য এক সপ্তাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে।”

সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন

খালেদা জিয়া শঙ্কামুক্ত কি না জানতে চাইলে ডা. জাহিদ বলেন, “মাত্র এক সপ্তাহ হলো, করোনার ক্ষেত্রে ১২/১৩ দিনের আগে কিছু বলা যায় না। তবে সিটি স্ক্যানের প্রভিশনাল রিপোর্ট খুবই ভালো। এটা মাইল্ড পর্যায়ে আছে। শুক্রবার পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ায় পরে বিস্তারিত জানানো হবে।”

সিটি স্ক্যান করার পর রাত সাড়ে দশটার দিকে বাসায় ফিরে যান খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার সিটিস্ক্যান শেষে ১০টা ২৪ মিনেটে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।