করোনায় করুণ কথা
https://parstoday.ir/bn/news/bangladesh-i90240-করোনায়_করুণ_কথা
বাংলাদেশের রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন আসিফ ইকবাল (৫০) নামক একজন করোনা রোগী শুক্রবার রাতে হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৭, ২০২১ ১০:১১ Asia/Dhaka
  • করোনায় আক্রান্ত হয়ে মারা যান রিফাত সুলতানা
    করোনায় আক্রান্ত হয়ে মারা যান রিফাত সুলতানা

বাংলাদেশের রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন আসিফ ইকবাল (৫০) নামক একজন করোনা রোগী শুক্রবার রাতে হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা আজ (শনিবার) সকালে গণমাধ্যমকে বলেছেন, ‘নিহত আসিফের লাশের সঙ্গে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’

ওই সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার লাশটা উদ্ধার করে ইসলামিকভাবে দাফনের ব্যবস্থা কইরেন।’ এছাড়াও সুইসাইড নোটে নিজের একাকীত্মের যন্ত্রণার কথাসহ অনেক কিছু উল্লেখ করেছেন আসিফ। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর ‘আত্মহত্যা’

পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঢাকার ইস্কাটনে থাকতেন অবিবাহিত আসিফ। তার আত্মীয়স্বজন যুক্তরাষ্ট্র প্রবাসী। পরিচিত এক চিকিৎসক গত ৯ এপ্রিল তাকে এ হাসপাতালে ভর্তি করেন। নিহতের এক সৎভাই মোহাম্মদপুরে থাকেন। তাকে ফোন করলে তিনি আসতে রাজি হননি।

দুই সপ্তাহ আগে তার আপন ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। দেশে তার খোঁজ নেওয়ার মতো তেমন কেউ ছিলেন না। এসব মিলিয়েই আসিফ হতাশায় ভুগছিলেন।

নারী সাংবাদিকের মৃত্যু

এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান    

করোনা পজিটিভ ও গর্ভবতী অবস্থায় ৩২ বছরের বয়সী রিফাত সুলতানা এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়।

চিকিৎসকরা জানান, বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

নবজাতক কন্যা সন্তানটি এখন আরেকটি বেসরকারি হাসপাতালে রয়েছে। তার দুই জমজ ছেলের বয়স দুই বছর।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭