নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে
https://parstoday.ir/bn/news/bangladesh-i9064-নিজামীর_ফাঁসি_কার্যকরের_প্রতিবাদে_জামায়াতের_২৪_ঘণ্টার_হরতাল_চলছে
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল চলছে। আজ (বৃহস্পতিবার) ভোর ৫টা থেকে হরতাল শুরু হয়, চলবে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৬ ০৩:৪৯ Asia/Dhaka
  • হরতালের সমর্থনে বুধবার রাজধানীতে জামায়াতের মিছিল
    হরতালের সমর্থনে বুধবার রাজধানীতে জামায়াতের মিছিল

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল চলছে। আজ (বৃহস্পতিবার) ভোর ৫টা থেকে হরতাল শুরু হয়, চলবে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত।

বুধবার মধ্যরাত ১২টা ১০ মিনিটে মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পরপরই দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া বুধবার (১১ মে) সারাদেশে গায়েবানা জানাজা এবং শুক্রবার (১৩ মে) দোয়া দিবস ঘোষণা করেন তিনি। গতকাল রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গায়েবানা জানাজার পর হরতালের সমর্থনে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সেগুন বাগিচা, তুরাগ, মিরপুর পূর্ব, কাফরুল-ভাষানটেক, উত্তরা পশ্চিম, বংশাল, দক্ষিণখান, সবুজবাগ, খিলগাও, তেজগাও, রুপনগর-পল্লবী, রমনা, হাজারীবাগ-ধানমন্ডী, শ্যামপুর, যাত্রাবাড়ী, বনানী, মিরপুর পশ্চিম-দারুসসালামসহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। রাজধানীর বাইরেও হরতালের সমর্থনে মিছিল হয়েছে।

এদিকে, হরতালে কোনো প্রকার নাশকতা যাতে না হয় সেজন্য রাজধানীতে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিজামীর ফাঁসির রায় কার্যকর করার রাত থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব-পুলিশের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়।#

আশরাফুর রহমান/১২