বাংলাদেশে করোনায় আবার শতাধিক মৃত্যু, মিলেছে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট
https://parstoday.ir/bn/news/bangladesh-i90670-বাংলাদেশে_করোনায়_আবার_শতাধিক_মৃত্যু_মিলেছে_নাইজেরিয়ার_ভ্যারিয়েন্ট
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা টানা চার দিন ১০০-এর উপরে থাকার পর গত কয়েক দিন ১০০-এর নিচে নেমে এসেছিল। কিন্তু আজ মৃতের সংখ্যা আবার ১০০-এর উপরে  উঠে গেছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২৫, ২০২১ ১৪:০৩ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আবার শতাধিক মৃত্যু, মিলেছে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা টানা চার দিন ১০০-এর উপরে থাকার পর গত কয়েক দিন ১০০-এর নিচে নেমে এসেছিল। কিন্তু আজ মৃতের সংখ্যা আবার ১০০-এর উপরে  উঠে গেছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে আজ (রোববার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯২২ জন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫৩ জন। আর আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯২২ জনের। নমুনা বিবেচনায় আক্রান্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। 

বাংলাদেশে মিলেছে নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের অস্তিত্ব

বাংলাদেশেই প্রাণঘাতী করোনাভাইরাসের নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের (বি.১.৫২৫) অস্তিত্ব মিলেছে। দেশের দুটি বিভাগ থেকে মার্চ ও এপ্রিল মাসের সংগ্রহ করা নমুনার সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটার (জিআইএসএইড) ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণায় বিষয়টি প্রকাশ পেয়েছে।

করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট-বি.১.৬১৭ ভারতে সনাক্ত হয় অক্টোবর মাসে। এর কারণে ভারতে ভাইরাসটির ত্রিপল মিউটেশনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।

বাংলাদেশে এখন পর্যন্ত দেশের দুই বিভাগের ৮টি নমুনা পরীক্ষায় এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। ঢাকার উত্তরা, আজিমপুর ও ক্যান্টনমেন্ট এলাকার পাশাপাশি সিলেটের সুনামগঞ্জ থেকে সংগ্রহ করা নমুনায় এ ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

খুলেছে মার্কেট, শপিং মল

এদিকে, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘কঠোর’ লকডাউনের দু’ সপ্তাহ শেষ না হতেই আজ রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শপিংমল, বিপণিবিতানসহ দোকানপাট খুলে দেয়া হয়েছে। এর ফলে পাল্টে গেছে লকডাউনের চিত্র। রাজধানীর রাস্তায় বিভিন্ন যানবাহনের চাপে সৃষ্টি হচ্ছে যানজট, প্রচুর মানুষের আনাগোনা। চেকপোস্টগুলো চলছে ঢিলেঢালাভাব। 

অন্যদিকে দোকান ও শপিংমল খোলার খবরে রাজধানীর কর্মস্থলে ফিরতে শুরু করেছে গ্রামে যাওয়া মানুষ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষেরা ভিড় করছেন পদ্মার কাঁঠালবাড়ি, দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে। কঠোর লকডাউনে যাত্রী চলাচল কিছু দিন ধরে কম থাকলেও গতকাল মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়তে থাকে।

আবারও কঠোর লকডাউন হতে পারে

এদিকে, করোনা পরিস্থিতিতে চলমান লকডাউন তুলে দেওয়ার পর গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন সরকারে সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।