গুম-খুনের শিকার পরিবারের কাছে আ. লীগকে জবাবদিহি করতে হবে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i90922-গুম_খুনের_শিকার_পরিবারের_কাছে_আ._লীগকে_জবাবদিহি_করতে_হবে_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, "আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকে কেড়ে নিয়েছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সে কারণে জনবিচ্ছিন্ন এ সরকারকে জোর করে ক্ষমতায় থাকতেই হত্যা, নির্যাতন, খুন ও গুম মিথ্যা মামলা- এসব কৌশল অবলম্বন করেছে।" 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ৩০, ২০২১ ১৩:২৩ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, "আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকে কেড়ে নিয়েছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সে কারণে জনবিচ্ছিন্ন এ সরকারকে জোর করে ক্ষমতায় থাকতেই হত্যা, নির্যাতন, খুন ও গুম মিথ্যা মামলা- এসব কৌশল অবলম্বন করেছে।" 

আজ (শুক্রবার) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘গুম-খুন-নির্যাতিত’ পরিবারকে ঈদের শুভেচ্ছা বিতরণের জন্য জুমাপূর্ব এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফাখরুল বলেন, ১৯৭৫ সালেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য আজকের মতো প্রতিবাদী তরুণদের হত্যা করেছে। বামপন্থী প্রায় ১৮ হাজার কিশোর-তরুণকে হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারের মতো একজন রাজনৈতিক নেতাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।

মানবাধিকার স্বংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে ফখরুল ইসলাম জানান, ২০২০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৬০১ জন গুম হয়েছে। বিচারবহির্ভূত হত্যা হয়েছে ২ হাজার ৮০১ জনের। অবশ্যই আওয়ামী লীগকে এসব গুম হওয়া মানুষগুলোর পরিবার ও জাতির কাছে  এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, এই দেশের ইতিহাস বলে একনায়কতন্ত্র, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে মানুষ জয়লাভ করেছে। আমি, বিশ্বাস করি অবশ্যই আমরা এদের পরাজিত করতে সক্ষম হবো। আমাদের যারা হারিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না।

অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, শুধু একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য একটিমাত্র উৎস থেকে এককভাবে টিকা আনার অনুমতি দিয়েছে সরকার।

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, বিশেষজ্ঞরা বলেছিলেন, বিকল্প হিসেবে চীন ও রাশিয়ার উৎসগুলো দেখা হোক। তখন সরকার তা করেনি। এতদিন পর সেই  চীন ও রাশিয়ার সঙ্গে সরকার চুক্তি করছে। 

বিএনপি নেতা বলেন, সরকার ঘোলা করে পানি খায়। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০