করোনায় শনাক্তের সর্বোচ্চ রেকর্ড: টানা চারদিন মৃত্যুর সংখ্যা একশ’র ওপরে
বাংলাদেশে এবার করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ সকাল ৮ টায় সমাপ্ত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮২২ জনের দেহে করনা সংক্রমণ সনাক্তের মাধ্যমে এ নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময় শনাক্তের হার পাওয়া গেছে ২৫ দশমিক ১৩ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫০৩ জনে। দেশে টানা চারদিন মৃত্যুর সংখ্যা একশ’র ওপরে থাকছে।
আগামী কাল সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল (বৃহস্পতিবার, ১ জুলাই) সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, গত শনিবার সন্ধ্যায় সরকারের উচ্চপর্যায়ের সভার এ প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। তবে সংবাদমাধ্যম লকডাউনের আওতার বাইরে থাকবে।
এই সময়ে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।লকডাউন চলাকালে সারাদেশের নিম্ন আদালত বন্ধ থাকবে। সীমিত আকারে হাইকোর্ট বিভাগের তিনটি বেঞ্চ খোলা থাকবে। ভার্চুয়ালি বসবে আপিল ও চেম্বার আদালত। সুপ্রিম কোর্ট থেকে আজ বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
চলবে আন্তর্জাতিক ফ্লাইট
১ জুলাই থেকে ৭ জুলাই সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। তবে ফ্লাইটের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে চলাচল করতে পারবেন প্রবাসী কর্মীরা। এছাড়া, ত্রাণ ও চিকিৎসা কাজে ব্যবহৃত ফ্লাইট ও কার্গো ফ্লাইট নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চার্টার্ড ফ্লাইটও পরিচালনা করা যাবে।
সীমিত পরিসরে ব্যাংকিং সেবা
এ সময় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।, কার্ডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা ও এটিএম বুথগুলো সার্বক্ষণিক চালু থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নতুন সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে লেনদেন বাদে ব্যাংকের অন্যান্য কার্যক্রমের জন্য ব্যাংকা খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালে সাপ্তাহিক ছুটিসহ প্রতি রোববার ব্যাংক বন্ধ থাকবে। অর্থ্যাৎ সপ্তাহে তিন দিন ব্যাংক বন্ধ। সীমিত জনবল দিয়ে অফিস চালাতে হবে।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক প্রতিটি জেলা সদরে ও উপজেলায় একটি করে শাখা খোলা থাকবে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে একটি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে অনধিক দুটি শাখা খোলা রাখা যাবে।
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই গ্রেপ্তার: ডিএমপি
আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে তাঁকে গ্রেপ্তার করা হবে, আনা হবে আইনের আওতায়। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া যন্ত্রচালিত কোনো যানবাহন চলতে দেওয়া হবে না
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান।
ডিএমপি কমিশনার জানান, এবার পুলিশ শক্ত অবস্থানে থাকবে। কোনো যানবাহন বের হলে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা করা হবে। এতে ৬ মাসের জেল ও জরিমানা করার বিধান ন্rয়েছে। সংগত কারণ দেখাতে না পারলে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হবে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতেও সাজা দেওয়া হবে।
গণমাধ্যমকর্মীদের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, তাঁরা পরিচয়পত্র দেখানো সাপেক্ষে যন্ত্রচালিত যানবাহনে চলাচল করতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, কোভিড টেস্টের জন্য যেতে হলে মোবাইল ফোনে খুদে বার্তা দেখিয়ে যেতে পারবেন। ওষুধের দোকানে ব্যবস্থাপত্র দেখিয়ে যেতে পারবেন, তবে যন্ত্রচালিত যানবাহনে নয়। খাবারের হোটেল খোলা থাকবে। হোটেলে বসে খাওয়া যাবে না। তবে খাবার নিয়ে আসা যাবে।
শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাত্রীরা পাসপোর্ট দেখিয়ে যন্ত্রচালিত গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে আগত ব্যক্তিকে কেউ রিসিভ করে গেলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে।
বিদেশি দূতাবাসগুলো জরুরি ভিসা সেবা খোলা থাকবে
লকডাউনে বিদেশি দূতাবাসগুলো জরুরি ভিসা সেবার জন্য খোলা থাকবে। ভিসা নিতে শিক্ষার্থীরা দূতাবাসে যাতায়াতের সুযোগ পাবেন। যেমন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে যাওয়ার জন্য কারো ইন্টারভিউ থাকলে তাকে দূতাবাস যেতে পুলিশ সহায়তা করবে। আজ বুধবার বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার /৩০