রাজধানীতে ডিজিটাল হাটের উদ্বোধন, দেশব্যাপী লকডাউনের মধ্যেও বসছে কোরবানির পশুর হাট
করোনার ভয়াবহ সংক্রমণের মুখে দেশব্যাপী লকডাউন পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে কুরবানির পশুর হাট বসানোর খবর পাওয়া গেছে। এসব হাটে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে লকডাউনে গরুর হাট বসবে কিনা এ বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশনা না থাকায় প্রশাসনও সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না । এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান গণমাধ্যমকে বলেছেন, গরুর হাট বসার বিষয়ে কোনও বিধিনিষেধ নেই, বন্ধেরও কোনও নির্দেশনা আসেনি। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকলেও জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন স্থানে গরুর হাট বসেছে। হাটে আসা বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক বা সামাজিক দূরত্ব বজায় রাখার কোন গরজ দেখা যায়নি। বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত পশুরহাট চলেছে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কুরবানির পশুর হাট বসানোর নির্দেশনা দেয়া হয়েছে। পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে উপজেলা ও পুলিশ প্রশাসন। পশুরহাট বন্ধের বিষয়ে এখনো কোন নির্দেশনা নেই, তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে হাট বন্ধ করে দেওয়া হবে।
অন্যদিকে, সর্বাত্মক লকডাউনের মধ্যেই হবিগঞ্জের নবীগঞ্জে জনতার বাজারে গতকাল বসেছিল সাপ্তাহিক পশুহাট। তবে উপজেলা প্রশাসন নির্ধারিত সময়ের পর শনিবার (৩ জুলাই) বিকালে সাড়ে ৫টায় জনতার বাজার পশুর হাট বন্ধ করে দেয়। এদিকে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকায় সাপ্তাহিক পশুর হাট বসে। এসময় পশুর হাটে না ছিল সামাজিক দূরত্ব না ছিল স্বাস্থ্যবিধি মানার কোনও তাগিদ। পরে প্রশাসনের হস্তক্ষেপে হাট বন্ধ হয়। তবে কাউকে আটক বা জরিমানা করা হয়নি।
বাইরে থেকে কোরবানির পশু আসতে দেওয়া হবেনাঃ প্রাণী-সম্পদমন্ত্রী
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য প্রায় এক কোটি ১৯ লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে। তাই দেশের বাইরে থেকে গবাদি পশু আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। রোববার (৪ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গত দুই ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দিইনি। তাতে পশুর সংকট হয়নি। এ বছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। মন্ত্রী বলেন, সীমান্তেও আমরা যোগাযোগ করছি, যাতে চোরাই পথে বা অন্য কোনো পথে একটা পশুও দেশের ভেতর প্রবেশ করতে না পারে। দেশের খামারিদের কথা আমাদের মনে রাখতে হবে। তারা অনেক কষ্ট করে খামার তৈরি করেছেন, বিনিয়োগ করেছেন। তাদের পশু বিক্রি না হয়ে বাইরে থেকে আসবে, কোনভাবেই মেনে নেওয়া যায় না।
এ সময় মন্ত্রী ঢাকার বাইরে প্রতিটি পৌরসভা এবং গ্রোথ সেন্টারে আধুনিক জবাইখানা (স্লটার হাউস) স্থাপনের পরিকল্পনার কথাও জানান। স্লটার হাউসে বিজ্ঞানসম্মত উপায়ে গরু জবাই হবে, যেখানে রক্ত বা বর্জ্যকে প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হবে। রাজধানীতে ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন , গত বছর তিন সপ্তাহে ২৭ হাজার গরু বেচাকেনা হয়েছে, এবার আমাদের টার্গেট ডিজিটাল হাটের মাধ্যমে কমপক্ষে ১ লাখ গরু বিক্রি করা। এটা যদি করতে পারি তাহলে প্রায় ৫ লাখ মানুষকে গরুর হাটে যেতে হবে না। এতে করোনা সংক্রমণের হার কমাতে পারব।
শুধু তাই না এবার ১ হাজার গরুকে আমাদের নির্ধারিত স্লাটার হাউজে (জবাইখানায়) কোরবানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। যারা ১০ জুলাইয়ের মধ্যে কোরবানির গরু কিনে বুকিং দেবেন তাদের কোরবানি মাংস আমরা বাসায় পৌঁছে দেব। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি ডিজিটাল হাতের ব্যাপারে অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে। যেমন টাকা দেওয়ার পর গরু যদি খারাপ হয় তাহলে কাকে ধরব? এটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের স্ক্রো পদ্ধতি গরু কেনার পরামর্শ দিয়েছে। এতে ক্রেতার টাকাটা সরাসরি বিক্রেতা পাবে না। টাকা বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে যাবে। ক্রেতা যখন নিশ্চিত করবেন তিনি গরুটা পেয়েছেন এবং গরুর মান ওজন ঠিক আছে তারপরই টাকা ছাড় করবে বাংলাদেশ ব্যাঙ্ক। এই পদ্ধতিতে গরু কেনার পর সঠিক মান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত হবে । মেয়র আতিক জানান, ডিএনসিসি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, গাজীপুর, নারায়নগঞ্জ এবং সাভার থেকেও কেউ চাইলে এই ডিজিটাল হাট থেকে গরু কিনতে পারবেন।#
পার্সটুডে/ বাবুল আখতার/ বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।