বাংলাদেশে  করোনাজনিত  মৃত্যু আতঙ্কজনক পর্যায়ে
https://parstoday.ir/bn/news/bangladesh-i94294-বাংলাদেশে_করোনাজনিত_মৃত্যু_আতঙ্কজনক_পর্যায়ে
বাংলাদেশে করোনায় মৃত্যু   আতঙ্কজনক পর্যায়ে পৌঁছে গেছে। একদিনে মৃত্যুর সংখ্যা দুই শতকের ঘর অতিক্রম করে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ০৭, ২০২১ ১৬:০৩ Asia/Dhaka
  • বাংলাদেশে  করোনাজনিত  মৃত্যু আতঙ্কজনক পর্যায়ে

বাংলাদেশে করোনায় মৃত্যু   আতঙ্কজনক পর্যায়ে পৌঁছে গেছে। একদিনে মৃত্যুর সংখ্যা দুই শতকের ঘর অতিক্রম করে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

বাংলাদেশে করোনায় মৃত্যু   আতঙ্কজনক পর্যায়ে পৌঁছে গেছে। একদিনে মৃত্যুর সংখ্যা দুই শতকের ঘর অতিক্রম করে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল আটটায়  সমাপ্ত ২৪ ঘণ্টায়  দেশে করোনায় আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে  এ  পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ১৫ হাজার ৫৯৩ জনে।
  
এ সময় নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। 

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।

তবে বরিশালে পাওয়া গেছে শনাক্তের সর্বোচ্চ হার - ৬৯ দশমিক ১৪ শতাংশ

ভয়াবহ পরিস্থিতি খুলনায়

খুলনা বিভাগে আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ এবং উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। 
এর আগে সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল। বিভাগে এ পর্যন্ত ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২৫ জন।
বুধবার (৭ জুলাই) সকালে সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা জানিয়েছেন,  খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন। 

এছাড়া, রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ২০ জন। এরমধ্যে ১৮ জনের করোনা উপসর্গ ছিল।
 বুধবার (৭ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে রাজশাহীতে  সাত, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের দুই, নওগাঁর তিন, পাবনার চার এবং কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে রয়েছেন। 
হাসপাতালটিতে  ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৬ জন। আজ দুপুর পর্যন্ত এখানে করোনা আক্রান্ত হয়ে ২০৮ জন এবং উপসর্গ নিয়ে ২৬২ রোগী ভর্তি রয়েছেন । 

বরিশালে শনাক্তের হার ৬৯ দশমিক ১৪ শতাংশ

বরিশালে গত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন মারা গেছে। জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। শনাক্তের হার ৬৯ দশমিক ১৪ শতাংশ। বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২১০ জন করোনা রোগী। এর মধ্যে ৪৯ জন করোনা ওয়ার্ডে বাকি ১৬১ জন আইসোলেশন ওয়ার্ডে।

এছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১৬ জন, ময়মনসিংহে ৭,  রংপুর বিভাগে ১৩, সিলেট বিভাগে ৭ জন,  টাঙ্গাইল ৬, চট্টগ্রাম ৪, এবং নোয়াখালী ও চাঁদপুরে একজন করে মারা গেছেন। #

এআরকে