সরকারের উদাসীনতার কারণেই করোনায় জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i94868-সরকারের_উদাসীনতার_কারণেই_করোনায়_জনজীবন_বিপন্ন_মির্জা_ফখরুল
জনগণের প্রতি সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণেই করোনা সংক্রমণে দেশের জনজীবন বিপন্ন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২১, ২০২১ ১৪:৩২ Asia/Dhaka
  • মরহুম জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মরহুম জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের প্রতি সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণেই করোনা সংক্রমণে দেশের জনজীবন বিপন্ন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদুল আজহা উপলক্ষে আজ (বুধবার) দুপুরে শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর তিনি এমন অভিযোগ করেন।

ঈদুল আজহার নামাজ শেষে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও তার রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেছেন। 

মির্জা ফখরুল বলেন, ‘এসময় আমরা দোয়া করেছি যে, এই ভয়াবহ মহামারি সারাবিশ্বে সমগ্র মানবজাতিকে বিপন্ন করে ফেলেছে। বিশেষ করে বাংলাদেশ সরকার যখন উদাসীনতা ও অযোগ্যতায় জনজীবনকে বিপন্ন করে ফেলেছে, সেই সময় যেন এই দেশের মানুষকে আল্লাহ ক্ষমা করেন এবং তাদেরকে ভয়াবহ মহামারি থেকে মুক্ত করেন।’

মির্জা ফখরুল বলেন, আজকে এমন একটা সময় আমরা ঈদুল আজহা পালন করছি, যখন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া- যিনি সারাজীবন ত্যাগ স্বীকার করেছেন এ দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। তিনি আজকে কারারুদ্ধ হয়ে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশান্তরিত হয়ে নির্বাসিত হয়ে আছেন। লাখ লাখ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আছেন, গুম হয়ে যাচ্ছেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রহীনতার এই সময়ে আল্লাহ’র কাছে আমরা প্রার্থনা করেছি- আল্লাহ যেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা  করেন। আল্লাহ যেন সত্যিকার অর্থেই এ দেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ করে দেন’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের কয়েক শ’ নেতাকর্মী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।