তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে আফগানিস্তানের পথে বাংলাদেশি জঙ্গিরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i95918-তালেবানদের_সঙ্গে_যুদ্ধে_যোগ_দিতে_আফগানিস্তানের_পথে_বাংলাদেশি_জঙ্গিরা
তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে ভারতে ধরা পড়েছে, আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০২১ ১১:০০ Asia/Dhaka
  • তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে আফগানিস্তানের পথে বাংলাদেশি জঙ্গিরা

তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে ভারতে ধরা পড়েছে, আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

আগামীকাল ১৫ আগষ্ট শোক দিবসের অনুষ্ঠানস্থল ধানমন্ডিস্থ  বঙ্গবন্ধু ভবনে নিরপত্তা পরিস্থিতি পর্যবেক্ষনে এসে আজ সকালে ঢাকা মহানগর পুলিশ   কমিশনার বলেছেন,  অনলাইনে জঙ্গিরা কর্মী সংগ্রহ ও উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে । সম্প্রতি বাংলাদেশে একটা প্রবণতা দেখা যাচ্ছে, তালেবানের পক্ষ থেকে আফগানিস্তান যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আর বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়েছে। তিনি জানান, সাইবার ওয়ার্ল্ড ডিএমপিসহ সরকারের সব গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তৎপর রয়েছে।

শফিকুল ইসলাম জানান, ‘গত পরশু জঙ্গি সংগঠনের একজনকে গ্রেপ্তার করেছি। তিনি বোমা বিশেষজ্ঞ। অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন। নারায়ণগঞ্জে শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে, সেটাও তাঁর সরাসরি তত্ত্বাবধানে তৈরি করা। এ মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা নাশকতাকারী গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তারা যে থেমে নেই, সেটা বলা যায়। কিন্তু আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি, যাতে বাংলাদেশে আর একটি ঘটনাও না ঘটে।’

আফগানিস্তানে তালেবান জঙ্গিগোষ্ঠী

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যারা জঙ্গি হামলাগুলো করে, এখন যারা হামলা করার চেষ্টা করছে, তাদের প্রধান কাজই হলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারে আসা। অর্থাৎ প্রতিটা ঘটনা ঘটিয়েই তাদের আন্তর্জাতিক মিডিয়ায় আসতে চায়। এ ক্ষেত্রে ১৫ আগস্ট তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ । ১৫ আগস্টের ভেন্যুর আশপাশে না হোক, এর থেকে দুই কিলোমিটার দূরেও যদি বোমা ফাটাতে পারে, তাতেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে। এদিক বিবেচনা করে তারা চেষ্টা করছে। কিন্তু যে গ্রুপ ডেভেলপ করে উঠছিল, সেই পুরো ট্র্যাক ধরা পড়ে গেছে। আমাদের আশঙ্কা আছে, কিন্তু এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটার জন্য তৎপর আছি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘এদিন যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। চেকপোস্টে ভালোভাবে পরীক্ষা করেই আমরা লোকজন এখানে ঢুকতে দেব। প্রধানমন্ত্রী যতক্ষণ এখানে থাকবেন, ততক্ষণ পর্যন্ত পুরো ভেনু জনশূন্য থাকবে। আশা করছি, সকাল সাড়ে সাতটার দিকে তিনি ভেন্যু ত্যাগ করবেন। এরপর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারপর সাধারণ মানুষের জন্য ভেনু উন্মুক্ত থাকবে।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।