তালেবানকে স্বীকৃতি নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i96130-তালেবানকে_স্বীকৃতি_নিয়ে_বাংলাদেশের_বিভিন্ন_মহলের_মিশ্র_প্রতিক্রিয়া
আফগানিস্তানে বিদেশি দখলদার সৈন্যদের হটিয়ে তালেবান যোদ্ধারা দেশটির নিয়ন্ত্রণ নেওয়াকে স্বাগত জানিয়েছে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামি আন্দোলন বাংলাদেশ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৮, ২০২১ ১৩:৩৯ Asia/Dhaka

আফগানিস্তানে বিদেশি দখলদার সৈন্যদের হটিয়ে তালেবান যোদ্ধারা দেশটির নিয়ন্ত্রণ নেওয়াকে স্বাগত জানিয়েছে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামি আন্দোলন বাংলাদেশ।

সংগঠনটির মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউল হক এ প্রসঙ্গে রেডিও তেহরানকে বলেছেন, যারাই স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে তাদের উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া। কারণ তারাও দীর্ঘ মুক্তিযুদ্ধ চালিয়ে দেশকে মুক্ত করেছে।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আশঙ্কা করছেন, আফগানিস্তানে তালেবাদের বিজয়ে উৎসাহিত হয়ে এ দেশেও কেউ কেউ উগ্রবাদের দিকে ঝুঁকতে পারে। তবে তাদের প্রতিহত করা হবে। গতকাল জঙ্গিবাদ বিরোধী দিবস পালন উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আবদুর রাজ্জাক এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমন মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী

এদিকে দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা চিকিৎসক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী তালেবানদের সমর্থন ও সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

তিনি বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে যে কোনো মুক্তির আন্দোলনকে সমর্থন দিতেন। এটা মনে রাখতে হবে যে তালেবানরাও মুক্তিযোদ্ধা। বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছে। তারা যাতে কট্টরবাদী ইসলামের নামে ধর্মান্ধতার পথে না যায় সেজন্য দ্রুতই তাদের সমর্থন ও সাহায্য করা প্রয়োজন।

আজ (বুধবার) বেলা ১২ টায় রাজধানীর ফার্মগেট এলাকায় নাগরিক সমাজের উদ্যোগে "করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচল সচেতন করা ও মাস্ক বিতরণ" উপলক্ষ্যে এমন মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

এর আগে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের উচিত তালেবানদের স্বীকৃতি দেওয়া। আজকে যদি আমরা স্বীকৃতি না দেই তারা ভারতের হিন্দুত্ববাদের দিকে ঝুঁকবে।  উদারপন্থী ইসলামিক রাষ্ট্র না হয়ে তারা কঠোর ধর্মান্ধ রাষ্ট্র হবে। সে জন্য আমরা যদি তাদের স্বীকৃতি দেই, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি তাদের আমরা প্রভাবিত করতে পারবো। একটা উদার ইসলামিক রাষ্ট্র হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।