সহিংস জঙ্গিবাদে উদ্বুদ্ধ’ সন্দেহে ঢাকায় এক কলেজছাত্রী গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/bangladesh-i96614-সহিংস_জঙ্গিবাদে_উদ্বুদ্ধ’_সন্দেহে_ঢাকায়_এক_কলেজছাত্রী_গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে জোবায়দা সিদ্দিকা নাবিলা (১৯) নামক এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ নিয়ে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০২১ ১৩:৩২ Asia/Dhaka
  • সহিংস জঙ্গিবাদে উদ্বুদ্ধ’ সন্দেহে ঢাকায় এক কলেজছাত্রী গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে জোবায়দা সিদ্দিকা নাবিলা (১৯) নামক এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ নিয়ে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান ও উপমহাপরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ২৬ আগস্ট বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় জোবায়দা সিদ্দিকা নাবিলাকে। বর্তমানে নাবিলা  সিটিটিসির কাছে রিমান্ডে আছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নাবিলা আনসার আল ইসলামের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। আনসার আল ইসলাম আল–কায়েদাপন্থী জঙ্গি সংগঠন। বাংলাদেশে এই প্রথম এই সংগঠনের কোনো নারী সদস্য গ্রেপ্তার হলেন। এই জঙ্গি সংগঠনটিতে এর আগে কোনো নারী সদস্য ছিল বলে জানা যায়নি।

ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা জোবায়দার বাবা একজন শিক্ষক। পরিবারকে উদ্ধৃত করে পুলিশ বলছে, কলেজছাত্রীর মা–বাবা তাঁর মধ্যে পরিবর্তন ঘটার বিষয়টি টের পেয়ে তাঁকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেন।কিন্তু  জোবায়দা পাত্রের সঙ্গে দেখা করে ‘শহীদ’ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন ও বিয়ে ভেঙে দেন।

পুলিশ জানিয়েছে, জোবায়দা ২০২০ সালের প্রথম দিকে নিজের নাম–পরিচয় গোপন করে ফেসবুক, টেলিগ্রাম ও ‘চার্পওয়্যার’ নামের অনলাইন প্ল্যাটফর্মে একাধিক অ্যাকাউন্ট খুলে আনসার আল ইসলামের অফিশিয়াল ফেসবুক পেজে যুক্ত হন। সেখান থেকে ইসলামের বিভিন্ন উগ্রবাদী ভিডিও, অডিও ও লেখা পড়তে শুরু করেন। মূলত এই সময় থেকে তিনি উগ্রবাদী মতাদর্শ নিজে কঠোরভাবে অনুশীলন করতে থাকেন। এই মতাদর্শকে সবার মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে জোবায়দা আনসার আল ইসলামের যোগাযোগের প্রিয় মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতেন। তাঁর চারটি অ্যাকাউন্ট রয়েছে। এগুলো দিয়ে তিনি ১৫টির বেশি চ্যানেল পরিচালনা করতেন।

আনসার আল ইসলামের বিভিন্ন উগ্রবাদী সহিংস ভিডিও, অডিও, ছবি ও ফাইল এসব চ্যানেল‌ থেকে প্রচার করা হতো। তাঁর অনুসারীর সংখ্যা অনুমানিক ২৫ হাজার।

জোবায়দার চ্যানেলে প্রচারিত কনটেন্টগুলোর মধ্যে আছে ‘জিহাদ কেন প্রয়াজন’, ‘কিতাবুল জিহাদ’, ‘একাকী শিকারি লোন উলফ’, ‘স্লিপার সেলগুলোতে গোয়েন্দা অনুপ্রবেশ ও প্রতিরোধের উপায়’, ‘নীরবে হত্যার কৌশল’, ‘পুলিশ শরিয়তের শত্রু’, ‘লোন উলফ বালাকোট মিডিয়া’, ‘আনসার ম্যাগাজিন ইস্যু’, ‘জিহাদের সাধারণ দিকনির্দেশনা’, ‘তাগুতের শাসন থেকে মুক্তির ঘোষণা’ ইত্যাদি।

জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, এসব প্রক্রিয়ার মাধ্যমে জোবায়দা সহিংসতায় অংশগ্রহণের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিলেন। এ ছাড়া তিনি নিজে আনসার আল ইসলামের বিভিন্ন অফিশিয়াল চ্যানেলে যুক্ত হয়ে  সেসব  চ্যানেলে আইইডি, স্মোক বম্ব, আগ্নেয়াস্ত্র ইত্যাদি তৈরি করা ও বিভিন্ন কৌশলগত ভিডিও ও ফাইল আদান-প্রদান করতেন।

মাত্র গতকালই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। দেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে, তবে তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই। 

খুলনায় গ্রেপ্তার দু’জন 

এর আগে, গত সপ্তাহে (২৩ আগস্ট) খুলনা মহানগরী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে সিআইডি।

গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির কাউন্টার টেরোরিজম ও খুলনা ইউনিট যৌথভাবে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে সোমবার ( ২৩ আগস্ট) বিকালে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি বই উদ্ধার করা হয়।

পুলিশ  জানিয়েছে, তারা উগ্রবাদী মতবাদ প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিল।#

 

পার্সটুডে// আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।