ফিরলেন কাবুলে আটকে পড়া ছয় বাংলাদেশি: জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের হুঁশিয়ারি
উৎকণ্ঠা উদ্বেগ আর মৃত্যু ভয় পার করে অবশেষে কাবুলে আটকে পড়া ছয় বাংলাদেশি প্রকৌশলী দেশে ফিরেছেন। গত রাত সাড়ে ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দোহা থেকে দুবাই হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
ঢাকায় ফেরত আসা প্রকৌশলীরা হলেন- রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।তারা আফগানিস্তানের রাজধানী কাবুলে মোবাইল ফোন অপারেটর আফগান ওয়্যারলেসের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
দেশে ফিরে আজ সকালে বিমান বন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের তারা জানান তাদের স্বস্তির কথা। তারা জানিয়েছে, কাবুল বিমান বন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার সময় তারা বিমান বন্দরের ভেতরেই ছিলেন। তবে এমন ঘটনা ঘটবে বলে মার্কিনীরা তিন দিন আগেই তাদের সতর্ক করে দিয়েছিল।
এই ছয় প্রকৌশলীর গত ১৬ই আগস্ট দেশে ফেরার কথা ছিল। কিন্তু ১৫ই আগস্ট তালেবান আফগানিস্তানের কাবুল দখল করার পর তাদের ফ্লাইট বাতিল হয়ে যায়। পরে ২৬শে আগস্ট তাদের কাবুল থেকে ঢাকায় আসার চেষ্টা করেন। কিন্তু সেদিন কাবুল বিমানবন্দরে দুটি বোমা বিস্ফোরণে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সহায়তায় তাদের কাতারের দোহায় নিয়ে যাওয়া হয়।
এর আগে, গত মাসে তালেবানরা আফগানিস্তানের দখল নিশ্চিত করার পর পরই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আফগানিস্তানের যে কোনো সরকারকে স্বাগত জানাবে বাংলাদেশ, যদি সেটা সে দেশের জনগণের সরকার হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যদি তালেবান সরকার গঠন করে এবং সেটি যদি তাদের জনগণের সরকার হয়, তাহলে তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে।'তিনি বলেন, 'আফগানিস্তান আমাদের সার্কের সদস্য, আমাদের বন্ধু দেশ। আমরা তাদের উন্নয়ন চাই। জনগণের সরকার হলে আমরা যে কোনো সরকারকে মেনে নেব।' ওদিকে, 'কিছু বাংলাদেশি তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে আফগানিস্তানে গেছে' পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্যের বিষয়ে এ কে মোমেন বলেছেন, 'তারা তালেবান না। আমাদের দেশে কিছু লোক ছিল, যারা আফগানিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল। আমরা ইতিমধ্যে তাদের উচ্ছেদ করেছি।' 'এখন আমাদের দেশে এমন জঙ্গি নেই' উল্লেখ করে তিনি বলেন, 'আমরা আশা করি এখানে আর এ ধরণের জঙ্গি তৈরি হবে না।'
এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামীলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা এরই মধ্যে হুঁশিয়ার করে দিয়েছেন, আফাগানিস্তানে তালেবানের বিজয়ে কেউ যদি এদেশে উগ্রবাদ আমদানি করতে উৎসাহী হয় তবে তা কঠোর হস্তে দমন করা হবে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।