বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফখরুল বললেন
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ ।
আজ বুধবার চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে এ জাতি যে অধিকারগুলো অর্জন করেছিলো সে অধিকারগুলো তারা হারিয়ে ফেলেছে। আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে নির্বাচন হয় না। নির্বাচন কমিশন একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পুরো প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। সার্বিক অর্থে ছদ্মবেশী একটা একদলীয় শাসন ব্যবস্থা দেশে প্রতিষ্ঠা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিয়াউর রহমানের কবর এবং তার লাশ নিয়ে যারা মিথ্যাচার করে তাদের বিষয়ে কথা বলতে আমাদের রুচিতে বাধে। এটা জাতির দুর্ভাগ্য স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বিরুদ্ধে এসব কথা বলা হয়। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তার ঘোষণার মধ্য দিয়ে দেশের স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে। সুতরাং তাকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, উনাকে উনার নিজের চ্যালেঞ্জ নিতে বলেন। ওনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন কিনা সেটা আগে প্রমাণ করুক।
মাজারে আসতে নেতাকর্মীদের বাধা
প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার মাজারে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে, বিধি নিষেধ জারি করা হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, আমাদের লজ্জা হয়, দুঃখ হয়। আজকে স্বাধীনতার ৫০ বছর পরে আমরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসি তখন আমাদেরকে বাধা দেয়া হয়।
গত ১৭ আগস্টের নবগঠিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিনের নবগঠিত আহবায়ক কমিটির নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করতে এলে পুলিশি হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, মাজারে যখন আমরা আসি তখন আমাদেরকে বাধা দেয়া হয়, নেতা-কর্মীদের ওপর, গুলিবর্ষন করে আহত করা হয়, তাদের গ্রেফতার করা হয়। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই, তাদের মামলা প্রত্যাহার চাই।
আজ বিকেলে সংসদ অধিবেশন উপলক্ষে সকাল থেকেi চন্দ্রিমা উদ্যানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ প্রবেশাধিকারে বিধি-নিষেধ আরোপ করা হয়।
সকাল ১০টা ৪০ মিনিটে চন্দ্রিমা উদ্যানের প্রবেশ পথ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১০/১২ জন পায়ে হেটে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, পুলিশ আগেই জানিয়ে দিয়েছে আজকে ৩০ জনের বেশি আসা যাবে না। এটা নাকী এখন তাদের (পুলিশ) কন্ট্রোলের মধ্যে নেই। আরো বড় নিরাপত্তার আন্ডারে চলে গেছে। এভাবে তারা আমাদেরকে মাজারে প্রবেশে বাধার সৃষ্টি করেছে।
তেঁজগাওে জোনের এডিসি রুবাইয়াত জামান সাংবাদিকদের বলেন, এখানে বাধা দেয়ার কোনো ঘটনা ঘটেনি। আজকে বিকালে সংসদ অধিবেশন বসছে। এজন্য ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশণা আছে, কিছু বিধি-নিষেধ আছে সেটা জেনেই তারা(বিএনপি) তাদের কর্মসূচি সম্পন্ন করেছেন।
করোনাকালীণ স্বাস্থ্য বিধি মেনে বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। তারা প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এই সময়ে দলের চেয়ারপারসনের উপদষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সা্বেক সাংসদ অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান, মহানগর বিএনপির উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিনের রফিকুল আলম মনজু, যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পন করেন। এ সময়ে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ এবং যুব দলের পক্ষ থেকেও আলাদাভাবে পুস্পস্তবক অর্পন করা হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষ্যে, দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে হেলফ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময়ের ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালামসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা দুস্থ ও গরীব মানুষদের চিকিতসা পত্র ও বিনামূল্যে ঔষধ পত্র দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দেশের বিভিন্ন বিভাগ, জেলায় ও উপজেলায় এ উপলক্ষ্যে দলীয় কর্মসুচী পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতা-কর্মীরা
খন্দকার মোশাররফ হোসেন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন সংবাদ পত্রে প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছেন, “ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধাদের দল। শহীদ জিয়া 'বাকশালের' অন্ধকার গহ্বর থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে খালেদা জিয়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে সন্নিবেশিত করেছিলেন।“
তিনি নার উল্লেখ করেন, “ দেশে বর্তমানে গণতন্ত্র নেই। যারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তাই বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা বেশি। বাংলাদেশ বর্তমানে যে বিপর্যস্ত অবস্থায় আছে, এখান থেকে উত্তরণে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি গণআন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।“
পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।