সাহস থাকলে তারেককে দেশে ফিরিয়ে আনুন: বিএনপিকে ওবায়দুল কাদের
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারো বিএনপিকে অভিযুক্ত করে বলেছেন, দেশ যখনই এগিয়ে যায় বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায় । তারা চায় দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং আন্দোলনের নামে জনগণের সম্পদ নষ্ট করতে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। সরকার মানুষের আশা-আকাঙ্খাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্খার কোনো মূল্য দেয়নি। ওবায়দুল কাদের দাবী করেন, আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। শেখ হাসিনা সরকার মানুষের মনে আশা জাগিয়েছে, লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে। বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি তারেক রহমানকে নির্বাসনে রেখেছে, বিএনপি নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচারের একটি বলে মনে করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানতে চান, কে মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করার শর্তে তিনি নিজেই দেশ থেকে পালিয়েছে।
ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, সাহস থাকলে তাকে দেশে ফিরিয়ে আনুন। রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই দেশের রাজনীতি হবে না, তাতে দেশের জনগণ সাড়া দিবে না। এ ছাড়া, নির্বাচনে প্রতিযোগিতা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি।
ওবায়দুল কাদের বলেন, মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন। অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিলো প্রায় ৬৯%। মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তা না হলে মাহবুব তালুকদার একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কিভাবে দেন?
হাসিনার সরকার ষড়যন্ত্রকে ভয় করে নাঃ আইনমন্ত্রী
ওদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রকে ভয় করে না। ষড়যন্ত্রে একবার জাতির পিতাকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেব না। আমরা জনগণের শক্তি নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত কবর। বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উদ্যোগে আয়োজিত জনসভায় আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ৩৮টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এ সমন্বয় বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, বিএনপির নেতারা এয়ার কন্ডিশন ঘরে থেকে অভিযোগ করে-সরকার এটা করে নাই, ওটা করে নাই, সেটা করে নাই। তারা জনগণের সামনে এসে বলে না।
আইনমন্ত্রী বলেন, রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র একই সূত্রে গাঁথা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সেজন্য আমরা নির্বাচন করব। আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এটাই শেখ হাসিনা সরকারের মূলমন্ত্র। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। যারা যে পদে প্রার্থী হতে চান প্রার্থী হবেন। তিনি জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।