সরকারের চাপেই খেলাফত মজলিস ২০ দলীয় জোট ছেড়েছে: ফখরুলের অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i98096-সরকারের_চাপেই_খেলাফত_মজলিস_২০_দলীয়_জোট_ছেড়েছে_ফখরুলের_অভিযোগ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকারের চাপেই খেলাফত মজলিস বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে। আমরা মনে করি, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে, এটা তারই অংশ।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০১, ২০২১ ১৯:১৫ Asia/Dhaka

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকারের চাপেই খেলাফত মজলিস বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে। আমরা মনে করি, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে, এটা তারই অংশ।’

এর আগে আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে জোট ছাড়ার ঘোষণা দেয় খেলাফত মজলিস। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসেন বলেন, খেলাফত মজলিস একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জাতির প্রয়োজনে সদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রামে খেলাফত মজলিস বিশ্বাসী একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় রাজনৈতিক অঙ্গনে দেশ, জাতি, ইসলাম ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। খেলাফত মজলিস মনে করে, এ দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক মতাদর্শ লালন-পালন করার অধিকার আছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বীকৃত

তিনি বলেন, বিগত ২০১৯ সালের ২৫ জানুয়ারি খেলাফত মজলিসে শুরার অধিবেশনে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পরবর্তী সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত খেলাফত মজলিস জোটের কার্যক্রমে অংশগ্রহণ না করে রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। সে অনুযায়ী দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে

খেলাফতের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রাজনৈতিক জোট ইস্যুকেন্দ্রিক গঠিত হয়। জোট স্থায়ী বিষয় নয়। খেলাফত মজলিস ২০ দলীয় জোটে দীর্ঘ ২২ বছর ধরে আছে। ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই। ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোটকে কার্যত রাজনৈতিকভাবে অকার্যকর করা হয়। এমতাবস্থায় আদর্শিক, সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে সক্রিয় স্বতন্ত্র, বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে। এখন থেকে ২০ দলীয় জোটসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে খেলাফত মজলিস।

খেলাফত মসজিসের সংবাদ সম্মেলন

দীর্ঘদিন ধরে ২০ দলীয় জোট নিষ্ক্রিয়- খেলাফত মজলিসের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা তো জোটের অংশ। তাহলে তারা কেন কাজ করেনি। জোটে আমরাও (বিএনপি) একটি পার্টি, তারাও একটি পার্টি। এখানে সবারই কাজ করার অধিকার রয়েছে। নিষ্ক্রিয়তার কারণে তারা জোট ছাড়ছে, এটি কোনো কারণ হতে পারে না

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক ছাড়াও আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নায়েবে আমির যোবায়ের আহমদ চৌধুরী, সাখাওয়াত হোসাইন, মজদুদ্দিন আহমেদ, আবদুল বাসিত ও আহমদ আলী কাশেমী, ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব মুনতাসীর আলী,আবদুল জলিল ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। তিনি গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে সহিংসতার পাঁচ মামলার আসামি হয়ে এখন কারাগারে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।