কুমিল্লায় কুরআন অবমাননা: আ. লীগ-বিএনপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i98712-কুমিল্লায়_কুরআন_অবমাননা_আ._লীগ_বিএনপির_মধ্যে_পাল্টাপাল্টি_অভিযোগ_অব্যাহত
কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন অবমাননার জের ধরে বিভিন্নস্থানে পূজা মণ্ডপে হামলা, চাঁদপুরে পুলিশের গুলিতে চারজন নিহত এবং নোয়াখালীতে দু’জনের নিহত হবার পর দেশব্যাপী সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে যাবার খবর পাওয়া যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka

কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন অবমাননার জের ধরে বিভিন্নস্থানে পূজা মণ্ডপে হামলা, চাঁদপুরে পুলিশের গুলিতে চারজন নিহত এবং নোয়াখালীতে দু’জনের নিহত হবার পর দেশব্যাপী সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে যাবার খবর পাওয়া যাচ্ছে।

আর এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লিগ এবং এবং বিরোধী দল বিএনপি একে অপরকে অভিযুক্ত করে বক্তৃতা- বিবৃতি দিয়ে রাজনীতির ময়দান গরম করে তুলছে। 

ওদিকে,  গতকাল নোয়াখালীতে হিন্দু মন্দিরে হামলায় যতন সাহা (৪২) নামের এক ব্যক্তি নিহত হবার একদিন পর আজ  সকালে  বেগমগঞ্জে  ইসকন মন্দিরের পুকুর থেকে সুবল চন্দ্র সাহা (২০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়ভাবে জারী করা ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করেছে ইসকন সদস্য এবং সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকশ মানুষ চৌমুহনী বাজারের কলেজ রোড ও ব্যাংক রোডের বিজয়া সার্বজনীন, ইসকন মন্দির, খোত বাড়ি মন্দির, লোকনাথ মন্দির, দশভূজা মন্দিরসহ কয়েকটি মন্দিরে দফায় দফায় হামলা চালায়।

সে সময় যতন সাহা (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। এছাড়া বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার ও কয়েকজন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার কথা উল্লেখ করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকেও বিএনপিকে  অভিযুক্ত করে বলেছেন, এ সব হামলা চালিয়েছে সাম্প্রদায়িক এবং স্বাধীনতাবিরোধী শক্তি। আর তাদের মদদ দিচ্ছে বিএনপি। তবে বিএনপি নেতারা পালটা অভিযোগ করে বলেছেন, সরকার নিজেদের নানা অপকর্ম আড়াল করতে এসব ঘটনা  ঘটাচ্ছে।

এদিকে, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার খবরে হামলা ও সংঘর্ষের ঘটনাকে একটি ‘রাজনৈতিক ব্যাপার’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না৷ এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে দায়ী করেন তিনি। আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে মাহমুদুর রহমান মান্না সরকারকে উদ্দেশ করে বলেন, যখন মানুষ বাঁচাতে পারে না, তখন তারা নতুন নতুন নাটক করে। মানুষ যদি দ্রব্যমূল্য নিয়ে পথে নামে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি ন্যায্য দাবিতে কথা বলেন! তখন  একটা না একটা কাণ্ড ঘটানো  হয় , যাতে মানুষ ওই দিকেই বেশি ব্যস্ত থাকে৷ এভাবে  কখনো ক্যাসিনো, কখনো পাপিয়া, কখনো পরীমনি, কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, আবার কখনো গরিব মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকম অজুহাত খোঁজে ক্ষমতাসীনরা। ##

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।