হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির
https://parstoday.ir/bn/news/bangladesh-i98850-হিন্দু_সম্প্রদায়ের_নিরাপত্তা_নিশ্চিতের_আহ্বান_অ্যামনেস্টির
বাংলাদেশে চলমান সহিংসতার মধ্যে হিন্দু সম্প্রদায় ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৯, ২০২১ ১৬:২৮ Asia/Dhaka
  •  হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

বাংলাদেশে চলমান সহিংসতার মধ্যে হিন্দু সম্প্রদায় ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাদি এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় এ সম্প্রদায়ের সদস্য, তাদের বাড়িঘর, মন্দির এবং পুজার প্যান্ডেলে ক্ষুব্ধ দাঙ্গাকারীদের হামলার খবর পাওয়া গেছে। এগুলো দেশে ক্রমবর্ধমান সংখ্যালঘু বিরোধী মনোভাবের লক্ষণ। অনেক বছর ধরে বাংলাদেশে বার বার ব্যক্তিবিশেষের বিরুদ্ধে হামলা, সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনার স্থানে হামলা হয়েছে। এতে এটাই দেখা যাচ্ছে যে, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র।

এ অবস্থায় দেশের সংখ্যালঘুদের সমস্যা সমাধানে সরকারকে অবিলম্বে, সুচিন্তিত পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি

কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এদিকে, সাম্প্রদায়িক হামলা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এ ছাড়া, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্যোগে আজ  মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে গুলিস্তানে  দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় ‘সম্প্রীতি সমাবেশ’।

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশ্বস্ত করে বলেছেন, “হিন্দু ভাই ও বোনদের বলব, আপনাদের ভয় নেই। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আছে।“ ওবায়দুল কাদের আরও  বলেন,  নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা জানি, কাদের উসকানিতে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।

মামলা-গ্রেপ্তার

দেশজুড়ে সহিংসতা ও ভাঙচুরের কারণে অজ্ঞাতনামা ১০ হাজার মানুষের বিরুদ্ধে কমপক্ষে ৪৬টি মামলা করেছে পুলিশ। রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে ৪২ জনকে।

ওদিকে, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সম্প্রতি ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে একশত বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ বাবদ তিন লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়াও শুকনো ও অন্যান্য খাবারের দুইশত প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গতকাল এ বরাদ্দ দেয়া হয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।