শেখ হাসিনাকে ইমরান খানের বার্তা
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহ জানিয়েছে পাকিস্তান
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাক হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহের কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা পাঠিয়েছেন। আজ (সোমবার) বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বার্তাটি হস্তান্তর করেন।
এ সময় হাইকমিশনার একটি ফটো অ্যালবাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালে ওআইসির শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফরের ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজও উপহার দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি স্মারক হস্তান্তর করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাকিস্তান কর্তৃক বাংলায় একটি ক্যালিগ্রাফি বই প্রকাশেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।