বিএনপি নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বললেন
'বিএনপির বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে'
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে ।
আজ (রোববার) (১৪ নভেম্বর) খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে, তাদের অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর। প্রকৃতপক্ষে বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে। যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে, তারাই এখন দেউলিয়া।
তিনি বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায়। এজন্য তো তারাই দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় তাদের দেউলিয়াত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারিদিকে শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা বাজছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন,বাংলাদেশে কোনো স্বৈরশাসক বেশিদিন টেকেনি। বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জোর করে বন্দি করে রেখেছেন। দেশনেত্রীকে তিলে তিলে শেষ করার এক গভীর ষড়যন্ত্রে মেতে আছেন আপনি। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এটা কি গভীর ষড়যন্ত্রের অংশ? দেশনেত্রীকে আপনি তিলে তিলে নিঃশেষ করতে চান? রোববার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের মুক্তি চেয়ে রিজভী বলেন, আমরা ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের মুক্তি চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ মুহূর্তে আপনাদের শপথ নিতে হবে; শেখ হাসিনার নীল নকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে থাকতে হবে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান / বাবুল আখতার/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।