হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা সামাল দিতে বেসামাল ইসরাইল
ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ভিডিও ধারণ করল হিজবুল্লাহর ড্রোন
-
হাইফা পোর্ট
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গোয়েন্দা ড্রোন থেকে তোলা উত্তর ইসরাইলের বিভিন্ন কৌশলগত স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে হাইফা শহরে ইসরাইলি সামরিক বাহিনীর সমুদ্র ও বিমান ঘাঁটি।
ইহুদিবাদী সরকার নিজের ভূখণ্ড ও আকাশসীমাকে ‘কঠোরভাবে সুরক্ষিত’ বলে যে দাবি করে তার প্রতি মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই ভিডিও।
মঙ্গলবার সাড়ে নয় মিনিটের ভিডিও ফুটেজটি নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে হিজবুল্লাহ। ভিডিওটির শিরোনাম দেয়া হয়েছে, ‘হুদহুদ যা বহন করে এনেছে।’ দৃশ্যত হুদহুদ নামক গোয়েন্দা ড্রোন ব্যবহার করে ইসরাইলি স্থাপনাগুলোর ভিডিও দৃশ্য ধারণ করেছে হিজবুল্লাহ।
মূলত ভিডিও ফুটেজটিতে হাইফা ও তার আশপাশের আবাসিক ও সামরিক স্থাপনাগুলোর দৃশ্যাবলী রয়েছে এবং ইসরাইলি দর্শকদের উদ্দেশ করেই এটি প্রকাশ করা হয়েছে। হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা সামাল দিতে যে ইসরাইল সত্যিই বেসামাল হয়ে পড়েছে এই ভিডিও ফুটেজে তা আরেকবার প্রমাণিত হয়েছে।
ভিডিও ফুটেজটি প্রকাশিত হওয়ার পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ইসরাইলের রাজনৈতিক বা সামরিক নেতৃত্ব এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আল্লাহর নবী হযরত সুলায়মান (আ.)-এর দরবারে হুদহুদ নামের একটি পাখি ছিল এবং এটি আকাশে উড়ে উড়ে হযরতের জন্য নানা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আনত। হিজবুল্লাহ যে ড্রোনটি ইসরাইলে পাঠিয়েছে সেটির নাম দৃশ্যত ওই পাখির নামে রাখা হয়েছে।
এদিকে মঙ্গলবার হিজবুল্লাহ ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালানোর কথা ঘোষণা করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় নেভে জিভ বসতিতে অবস্থিত ৪১১তম ব্যাটেলিয়নের গোলন্দাজ অবস্থানে এক ঝাঁক ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে।
হামলায় ইসরাইলি বাহিনীর জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংগঠনটি দাবি করেছে। হিজবুল্লাহ বলেছে, তাদের ফিল্ড কমান্ডার মুহাম্মাদ মুস্তফা আইয়ুব হত্যার প্রতিশোধ নিতে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দক্ষিণ লেবাননের তাইর জেলার সেলা গ্রামে ইসরাইলি ড্রোন হামলায় আইয়ুব শহীদ হন।#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।