ইসরাইলের পরিচিত পৃষ্ঠপোষকদেরকে ‘লজ্জার কলঙ্কচিহ্ন’ বহন করতে হবে
https://parstoday.ir/bn/news/event-i139384-ইসরাইলের_পরিচিত_পৃষ্ঠপোষকদেরকে_লজ্জার_কলঙ্কচিহ্ন’_বহন_করতে_হবে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, যেসব দেশ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা ও ভয়াবহ অপরাধযজ্ঞে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সেসব দেশকে আজীবন ‘লজ্জার কলঙ্কচিহ্ন’ বহন করে যেতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০২৪ ০৬:৩৭ Asia/Dhaka
  • ইসরাইলের পরিচিত পৃষ্ঠপোষকদেরকে ‘লজ্জার কলঙ্কচিহ্ন’ বহন করতে হবে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, যেসব দেশ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা ও ভয়াবহ অপরাধযজ্ঞে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সেসব দেশকে আজীবন ‘লজ্জার কলঙ্কচিহ্ন’ বহন করে যেতে হবে।

তিনি রোববার নিজের অফিসিয়াল এক্স একাউন্টে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় পাশবিক যুদ্ধাপরাধ করে যাচ্ছে এবং নিরীহ ফিলিস্তিনি জনগণের রক্ত ঝরাচ্ছে যাদের একটি বড় অংশ নিরপরাধ শিশু।

ইরানের এই মুখপাত্র বলেন, গাজায় ইসরাইল শুধু যে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তাই নয় সেইসঙ্গে ১০ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন যাদের লাশ বিধ্বস্ত ভবনগুলোর নীচে চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা যায়।

কানয়ানি বলেন, দখলদার সেনাদের হামলায় বিগত ১২ ঘণ্টায় গাজায় অন্তত পাঁচ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন যাদের নিয়ে এই উপত্যকায় নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮ জনে উন্নীত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরাইলের অতি পরিচিত পৃষ্ঠপোষকরা মানবাধিকার রক্ষার যে মুখোশ পরে থাকে তার স্বরূপ গাজা যুদ্ধে উন্মোচিত হয়ে গেছে এবং  এসব সমর্থককে আজীবন ‘লজ্জার কলঙ্কচিহ্ন’ বহন করে যেতে হবে। #

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন