ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসান নাসরুল্লাহ 
https://parstoday.ir/bn/news/event-i139470-ইহুদিবাদী_ইসরাইলের_বিরুদ্ধে_লড়াই_অব্যাহত_থাকবে_হাসান_নাসরুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়া থেকে কখনো পিছু হঠবে না বরং বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০২৪ ১২:০১ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসান নাসরুল্লাহ 

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়া থেকে কখনো পিছু হঠবে না বরং বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে।

তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরাইল-বিরোধী এ লড়াই চলবে। গতকাল (মঙ্গলবার) লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকার সাইয়্যেদ আশ- শোহাদা কমপ্লেক্সে দেয়া এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ ইসরাইল-বিরোধী লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। শোকাবহ মহররম মাস উপলক্ষে সাইয়্যেদ আশ- শোহাদা কমপ্লেক্সে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। 

হাসান নাসরুল্লাহ বলেন, গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ হবে না। হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরেও আসবে না। এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়ার যে হুমকি দেয়া হচ্ছে তাকেও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ। 

শোকানুষ্ঠানে হাসান নাসরুল্লাহ বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়ন প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য। তিনি ইসরাইলি সামরিক বাহিনীর দুষ্ট প্রকৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করেনি, যা গাজাকে গুরুতর চিকিৎসা ও মানবিক পরিস্থিতির দিকে নিয়ে গেছে। 

হিজবুল্লাহ মহাসচিব সিরিয়া ও ইরানের রাজনৈতিক সমর্থনের পাশাপাশি লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ ফ্রন্টের দিকে ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব ও মুসলিম দেশ নিষ্ক্রিয় রয়েছে যা অত্যন্ত দুঃখজনক।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।