প্রস্তাবিত পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল ঘোষণা করল বাংলাদেশ সরকার
https://parstoday.ir/bn/news/event-i140222-প্রস্তাবিত_পেনশন_স্কিম_'প্রত্যয়'_বাতিল_ঘোষণা_করল_বাংলাদেশ_সরকার
পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আজ (শনিবার) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৩, ২০২৪ ১৩:১৯ Asia/Dhaka
  • প্রস্তাবিত পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল ঘোষণা করল বাংলাদেশ সরকার

পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আজ (শনিবার) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেন।

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সরকার আজ পুরো স্কিমই বাতিল করার সিদ্ধান্ত নিল।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এ মর্মে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিমসহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।’

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৩ মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত ও বিধিবদ্ধ সংস্থায় নতুন যোগ দেওয়া চাকরিজীবীদের জন্য প্রত্যয় স্কিম চালু করে। বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে যারা এসব সংস্থায় নতুন যোগ দেবেন, তাদের ক্ষেত্রে প্রত্যয় প্রযোজ্য হবে। এর পর এই স্কিম থেকে নিজেদের বাদ দিতে থেকে ধারাবাহিক আন্দোলন করে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। গত ১ জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা বর্জনসহ সব ধরনের কর্মবিরতি পালন করা হচ্ছে।

অর্থ বিভাগের বিজ্ঞপ্তির আগে আরেক বিজ্ঞপ্তিতে দেয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।’

উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকেই সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম যাত্রা শুরু করে। এর আগে সমাজের সব স্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনার লক্ষ্যে ২০২৩ সালের ৩১ জানুয়ারি আইন করে গেজেট প্রকাশ করে সরকার। এর আলোকে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে অন্যদের পাশাপাশি স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গসংগঠন প্রতিষ্ঠানগুলোর জন্য ‘প্রত্যয়’ স্কিম প্রবর্তন করা হয়।

এই জুলাই থেকে বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের এই স্কিমে যুক্ত হওয়ার কথা ছিল। আর ২০২৫ সালের জুলাই থেকে নিয়োগ পাওয়া সরকারি চাকরিজীবীদের এই স্কিমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল সরকারের। তবে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। সব ধরনের ক্লাস পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হয় তাদের আন্দোলনের ফলে। পরে ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  তাদের নামে নতুন করে পেনশন স্কিম চালু হবে বলেও তখন জানানো হয়।#

পার্সটুডে/এমএআর/৩