বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত
https://parstoday.ir/bn/news/event-i144726-বাংলাদেশ_ও_পাকিস্তান_সীমান্তে_অ্যান্টি_ড্রোন_ইউনিট_মোতায়েন_করছে_ভারত
সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যাপকভাবে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত।   
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ১০, ২০২৪ ১৭:২৮ Asia/Dhaka
  • বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত

সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যাপকভাবে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত।   

আজ (মঙ্গলবার) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৮ ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেনাদের প্রশিক্ষণ শিবিরে ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন।

অমিত শাহ বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে “সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ” করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করবে ভারত। তিনি বলেন, মানববিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত অ্যান্টি-ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করবে ভারত।

অমিত শাহ আরও বলেন, 'লেজার-সজ্জিত অ্যান্টি-ড্রোন গান-মাউন্টেড'ম্যাকানিজমের প্রাথমিক ফলাফল বেশ উৎসাহব্যাঞ্জক, যার ফলে পাঞ্জাবের পাকিস্তান-ভারত সীমান্তে ড্রোন নিষ্ক্রিয়করণ এবং শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় একটি সংবাদপত্র দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ২০২৩ সালের প্রায় ১১০টির তুলনায় এই বছর ২৬০টিরও বেশি ড্রোন পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত থেকে ভূপাতিত বা উদ্ধার করা হয়েছে। ড্রোন আটকানোর এই ঘটনাগুলোর বেশিরভাগই হয়েছে পাঞ্জাবে। তবে রাজস্থান এবং জম্মুতে এই সংখ্যা খুব কম।

পাকিস্তানের সাথে ভারতের ২ হাজার ২৮৯ কিলোমিটার এবং বাংলাদেশের সাথে ভারতের ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বিএসএফের ওই অনুষ্ঠানে অমিত শাহ পাকিস্তান এবং বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সুরক্ষিত করার জন্য চলমান কম্পিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইবিএমএস) নিয়েও আলোচনা করেছেন।#

পার্সটুডে/এমএআর/১০