ভয়াবহ হামলার মধ্যেও নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ চলছে
গাজায় ৪,০০০ নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস: ইসরাইলি সামরিক সূত্র
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর ভয়াবহ গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের মধ্যে হামাস প্রায় ৪,০০০ নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে খোদা ইহুদিবাদী সেনা কমান্ডাররা।
বুধবার ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত নিউজ ওয়েবসাইট ওয়াল্লা এ খবর দিয়েছে। ইসরাইলি সেনা কমান্ডারদের উদ্ধৃতি দিয়ে এটি বলেছে, হামাস বিগত মাসগুলোতে নতুন করে নিয়োগপ্রাপ্ত যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছিল।
ইহুদিবাদী সেনা কর্মকর্তারা দাবি করেছেন, নতুন যোদ্ধারা হামাসের সেইসব কমান্ডারের সঙ্গে কাজ করছে যারা ইসরাইলের ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। তারা আরো বলেছেন, উত্তর ও দক্ষিণ গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাস নিজেকে পুনর্গঠিত করার চেষ্টা করছে।
ইহুদিবাদী সেনা কর্মকর্তাদের এ দাবির এক মাস আগে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একজন সিনিয়র কমান্ডার বলেছিলেন, গাজা উপত্যকা জুড়ে ইসরাইলের ভয়াবহ হামলা সত্ত্বেও তারা নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছেন।
গাজার যুদ্ধক্ষেত্রের ওপর আল-কাসসাম ব্রিগেড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে ইহুদিবাদী সামরিক বাহিনী ও গণমাধ্যম যে দাবি করে আসছে তা প্রত্যাখ্যান করে ওই কমান্ডার বলেন, উপত্যকা জুড়ে কমান্ডারদের নিজেদের মধ্যে এবং সার্বিকভাবে হামাস নেতাদের মধ্যে চমৎকার যোগাযোগ ও বোঝাপড়া রয়েছে। #
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।