ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা:
ইরানের শক্তিই শত্রুকে 'আত্মসমর্পণ'-এর দাবি থেকে পিছু হটে 'যুদ্ধবিরতি'তে বাধ্য করেছে
-
ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্স-টুডে: ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ১২ দিনের যুদ্ধে তার দেশের ও জাতির শক্তিশালী অবস্থানের কারণেই শত্রু-পক্ষ 'নিঃশর্ত আত্মসমর্পণ'-এর প্রাথমিক দাবি থেকে পিছু হটে ইরানের 'নিঃশর্ত যুদ্ধবিরতি'র দাবি মানতে বাধ্য হয়েছে।
ইরানের হামেদান প্রদেশে একটি উৎসব অনুষ্ঠানে তার দেশের বর্ধিত শক্তির বিষয়ে আনন্দ প্রকাশ করে আরাকচি বলেছেন, জুন মাসের সেই সংঘাতের তুলনায় ইরান এখন অনেক বেশি শক্তিশালী। তিনি ওই যুদ্ধকে দেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যম হিসেবে তুলে ধরে বলেছেন, ওই যুদ্ধের ফলে ঘরোয়া সক্ষমতাগুলোর প্রতি জাতীয় আস্থা বৃদ্ধি পেয়েছে এবং তা একটি পরিপূর্ণ বিজয়ের পথ জোরালো করেছে।
তিনি ওই যুদ্ধে শহীদ পরমাণু বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বলেছেন, ওই যুদ্ধ ছিল প্রযুক্তির যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে সীমান্ত না থাকা সত্ত্বেও এ যুদ্ধ সংঘটিত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের প্রতিরক্ষা শিল্পের শক্তিমত্তা তুলে ধরে বলেছেন, এ যুদ্ধে এক পক্ষের ছিল যুদ্ধ-বিমান ও অন্যদিকে ইরানের ছিল ক্ষেপণাস্ত্র এবং আমাদের ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ও ইউরোপিয় মদদে গড়ে-তোলা ইসরায়েলের বহু-স্তর-বিশিষ্ট বিমান প্রতিরক্ষা দেয়ালগুলো ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যগুলোতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
তিনি বলেছেন, প্রথমবারের মত আমাদের ক্ষেপণাস্ত্রগুলো একটি প্রকৃত যুদ্ধে ব্যবহার করা হয়েছ এবং এর ফলে সেসবের দুর্বলতা ও শক্তির দিকগুলো প্রকাশ পেয়েছে। ১৩ জুনে আমরা যে অবস্থানে ছিলাম তার চেয়ে আজ আমরা অনেক শক্তিশালী অবস্থানে রয়েছি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ চাপিয়ে দেয়ার পর চতুর্থ দিনে ইসরায়েল দাবি করেছিল যে ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু ১২ তম দিনে তারাই বার্তা পাঠায় যে আমরা নিঃশর্তভাবে যুদ্ধ-বিরতি চাচ্ছি।
তিনি আরও বলেন, যুদ্ধে আমরা সাহসিকতার সঙ্গে আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে বলে উল্লেখ করেছি। #
পার্স টুডে/এমএএইচ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।