রুশ সাবমেরিনকে তাড়া করবে ব্রিটেন
-
রুশ সাবমেরিনকে তাড়া করবে ব্রিটেন
ব্রিটেন জানিয়েছে, নরওয়ের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, দুই দেশের নৌবাহিনী একসঙ্গে উত্তর আটলান্টিকে রুশ সাবমেরিন তাড়া করবে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত দুই বছরে ব্রিটিশ জলসীমায় রুশ জাহাজের উপস্থিতি ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
নরওয়ে সেপ্টেম্বর মাসে ঘোষণা করেছে, তারা ব্রিটেন থেকে পাঁচটি টাইপ-২৬ ফ্রিগেট জাহাজ কিনবে, যাতে খরচ পড়বে প্রায় ১০ বিলিয়ন পাউন্ড (১৩ বিলিয়ন ডলার)। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর উত্তর স্কটল্যান্ডের একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটি সফরের সময়ে নতুন এই চুক্তির খবর এলো।
এর আওতায়, ব্রিটেন ও নরওয়ের নৌবাহিনী যে ১৩টি ফ্রিগেট জাহাজ ব্যবহার করবে, সেগুলো উভয় দেশ পারস্পরিকভাবে ব্যবহার করতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও ব্রিটেনের মধ্যবর্তী জলসীমায় রাশিয়ান নৌ বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং 'গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সাগরের নিচে থাকা কেবল ও পাইপলাইন সুরক্ষিত রাখবে, যা যোগাযোগ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ'।
স্টারমার বলছেন, এই কঠিন বৈশ্বিক অস্থিরতার সময়ে যখন আমাদের জলসীমায় আরও বেশি রুশ জাহাজ শনাক্ত করা হচ্ছে, তখন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে হবে।
গত মাসে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি রাশিয়াকে সতর্ক করেন। তিনি দাবি করেন, রাশিয়ার সামরিক জাহাজ ইয়ান্টার এ বছর দ্বিতীয়বার ব্রিটিশ জলসীমায় প্রবেশ করেছে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।