ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
https://parstoday.ir/bn/news/event-i156284-ট্রাইব্যুনালে_মৃত্যুদণ্ডপ্রাপ্ত_আসামি_মাওলানা_আবুল_কালাম_আজাদের_আত্মসমর্পণ
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। আজ (বুধবার) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিশনের কাছে আত্মসমর্পণের আবেদন করেন তিনি।
(last modified 2026-01-21T05:44:39+00:00 )
জানুয়ারি ২১, ২০২৬ ১১:৩৭ Asia/Dhaka
  • ট্রাইব্যুনালে মাওলানা আবুল কালাম আজাদ
    ট্রাইব্যুনালে মাওলানা আবুল কালাম আজাদ

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। আজ (বুধবার) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিশনের কাছে আত্মসমর্পণের আবেদন করেন তিনি।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামীম বিষয়টি নিশ্চত করে বলেন, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদন প্রসিকিউশন হাতে পেয়েছে।

২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য সাজা স্থগিত করা হয়।

এর আগে ২০২৫ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কারা-২) শাখা থেকে জারি করা এক আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়েছিল।

তার বিরুদ্ধে আনা আটটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে সাতটিতেই তিনি দোষী সাব্যস্ত হন। তিনটিতে তার মৃত্যুদণ্ড, চারটিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সেসব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয়।

আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘোষিত এ রায়ের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করা হয়। তবে পলাতক থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই পালিয়ে ভারত হয়ে তিনি পাকিস্তানে চলে যান বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।#

পার্সটুডে/এমএআর/২১