'এবার সব কথা বন্ধ করে দেশ গঠনে একসঙ্গে কাজ করতে হবে'
https://parstoday.ir/bn/news/event-i156870-'এবার_সব_কথা_বন্ধ_করে_দেশ_গঠনে_একসঙ্গে_কাজ_করতে_হবে'
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক কথা হয়েছে-এবার সব কথা বন্ধ করে দেশ গঠনে কাজে নামতে হবে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের কথা বলেন ।
(last modified 2026-02-09T13:11:04+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ ১৯:০৮ Asia/Dhaka
  • দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের
    দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক কথা হয়েছে-এবার সব কথা বন্ধ করে দেশ গঠনে কাজে নামতে হবে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের কথা বলেন ।

আজ(সোমবার) রাজধানীর বাসাবো খেলার মাঠে ঢাকা–৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের পক্ষে বাসাবো তরুণ সংঘ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের ভোটে বিএনপি নির্বাচিত হলে পরদিনই অর্থাৎ ১৩ তারিখ থেকে ঢাকা–৯ আসনে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। তিনি জানান, এ এলাকায় একটি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালের ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনের কাজেও হাত দেবে বিএনপি।

এলাকার অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বলেন, ঢাকা–৯ আসনে যেসব বাঁশের সেতু রয়েছে, সেগুলো পাকা করার উদ্যোগ নেওয়া হবে।

দুর্নীতি দমন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে দুর্নীতি দমন কমিশন গঠন করেছিলেন এবং প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন। সে কারণে দেশের দুর্নীতি দমন করতে বিএনপির অভিজ্ঞতা রয়েছে। তার মতে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে একমাত্র বিএনপি।

বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি ও আপসহীন নেতৃত্বের কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশ যদি জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না—এই প্রশ্ন রেখে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/জিএআর/৯