সংলাপের মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র বিরোধের সমাধান হওয়া উচিত: চীন
-
চীনের পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ সংলাপ ও মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যে উত্তেজনা পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
রিয়ানোভোস্তি'র খবরে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেছেন, মধ্যস্থতা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।
তিনি আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা সরাসরি পশ্চিম এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতাকে প্রভাবিত করবে। নতুন সংঘর্ষ বাধানোর পরিবর্তে সব পক্ষকে সাবধানতার সঙ্গে কাজ করা উচিত।"
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তৃতায় আরও বলেছেন, চীন এবং যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে সক্ষম, তবে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে কিনা, তা একান্তভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে।
এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বেইজিং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে শক্তি বা হুমকি ব্যবহারের বিরুদ্ধে।
তার মতে, "আমরা বিশ্বাস করি সব দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সম্পূর্ণভাবে রক্ষিত হওয়া উচিত।" এই চীনা কূটনীতিক স্পষ্টভাবে বলেন, "আমরা সব পক্ষকেই আহ্বান জানাই, যাতে তারা পশ্চিম এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় আরও প্রচেষ্টা চালায়।"
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, "চীন ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমরা নিশ্চিত যে, তেহরান তার সমস্যাগুলো কাটিয়ে উঠবে এবং দেশের স্থিতিশীলতা বজায় থাকবে।"#
পার্সটুডে/এসএ/১৪