‘ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, ২৫তম সংশোধনী কার্যকর করা জরুরি’
https://parstoday.ir/bn/news/event-i158452-ট্রাম্প_মানসিকভাবে_ভারসাম্যহীন_২৫তম_সংশোধনী_কার্যকর_করা_জরুরি’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনান বলেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। আমার মনে হয়, ট্রাম্পের মতো প্রেসিডেন্টদের কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী করা হয়েছে।”
(last modified 2026-04-13T15:43:20+00:00 )
এপ্রিল ১৩, ২০২৬ ২০:৪১ Asia/Dhaka
  • জন ব্রেনান
    জন ব্রেনান

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনান বলেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। আমার মনে হয়, ট্রাম্পের মতো প্রেসিডেন্টদের কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী করা হয়েছে।”

গত শনিবার এমএসএনবিসির চ্যানেল এমএসএনএউ-তে প্রচারিত এক সাক্ষাৎকারে ব্রেনান ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গ টেনে বলেন, এ ধরনের ভাষা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয়। তিনি প্রশ্ন তোলেন, এ অবস্থায় এত মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা একজন ব্যক্তিকে কমান্ডার ইন চিফ রাখা উচিত কি না।

জন ব্রেনান বলেন, পারমাণবিক অস্ত্রসহ যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রভান্ডারের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ তাঁকে একটি অগ্রহণযোগ্য ঝুঁকিতে পরিণত করেছে।

প্রসঙ্গত, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের সমর্থনে একজন কার্যক্ষমতাহীন বা বিতর্কিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব। তবে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পুরো মন্ত্রিসভা ট্রাম্পের প্রতি অনুগত থাকায় এটি বাস্তবায়নের সম্ভাবনা প্রায় শূন্য।

ইরানকে উদ্দেশ করে ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণাত্মক বক্তব্য ও হুমকির পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজনীতিকরাও তীব্র সমালোচনা করেছেন। সাবেক ট্রাম্প সমর্থক ও কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন ট্রাম্পের কর্মকাণ্ডকে 'পাগলামি' আখ্যা দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। সিনেটর চাক শুমার ট্রাম্পের বক্তব্যকে 'উন্মাদ পাগলের প্রলাপ' বলেছেন, বার্নি স্যান্ডার্স এটিকে 'বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন' আখ্যা দিয়েছেন, আর ক্রিস মারফি একে 'চরম পর্যায়ের পাগলামি' বলে উল্লেখ করেছেন।

টিম কেইন ট্রাম্পের বক্তব্যকে 'লজ্জাকর ও শিশুসুলভ' বলেছেন। এ ছাড়া কংগ্রেসের ৭০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য ইতিমধ্যে ২৫তম সংশোধনী কার্যকরের আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমমএআর/১৩