ওমান উপকূলে আমেরিকার হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত: মার্কিন কূটনীতিক তলব
https://parstoday.ir/bn/news/event-i160224-ওমান_উপকূলে_আমেরিকার_হামলায়_৩_ভারতীয়_নাবিক_নিহত_মার্কিন_কূটনীতিক_তলব
ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী ‘এমটি সেটেবেলো’ (Settebello) নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন নৌবাহিনীর ভয়াবহ হামলায় তিন জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নিহতরা হলেন— হিমাচল প্রদেশের ২৩ বছর বয়সী ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ।
(last modified 2026-06-11T11:34:32+00:00 )
জুন ১১, ২০২৬ ১৭:২১ Asia/Dhaka
  • ওমান উপকূলে আমেরিকার হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত: মার্কিন কূটনীতিক তলব

ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী ‘এমটি সেটেবেলো’ (Settebello) নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন নৌবাহিনীর ভয়াবহ হামলায় তিন জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নিহতরা হলেন— হিমাচল প্রদেশের ২৩ বছর বয়সী ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ।

ঘটনার পর প্রাথমিকভাবে তাদের নিখোঁজ দাবি করা হলেও, পরবর্তীতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জাহাজটিতে থাকা মোট ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে বাকি ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভারতের ফরোয়ার্ড সিমেন’স ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদব এবং নিহত আদিত্য শর্মার পরিবার এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনার প্রতিবাদে এবং এর কারণ জানতে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামলার কারণ ও মার্কিন সেন্টকমের দাবি

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালীতে অবরোধ এবং আন্তর্জাতিক বিধিনিষেধ লঙ্ঘন করে ইরানি তেল বহন করার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটিতে ‘নির্ভুল হামলা’ চালানো হয়। মার্কিন বাহিনীর অভিযোগ, জাহাজটি বারবার তাদের নির্দেশ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, হামলার পর জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং এটি ওমানের সোহার বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে বিপদ সংকেত পাঠায়।

নিহত ডেক ক্যাডেট আদিত্য শর্মা

"আমাদের দু’বার হুঁশিয়ারি দিয়েছিল" শেষ ফোনে আদিত্য

নিহত ডেক ক্যাডেট আদিত্য শর্মার বাবা রাজেশ শর্মা জানান, ঘটনার দুদিন আগে রবিবার হোয়াটসঅ্যাপ কলে আদিত্য তাদের আশঙ্কার কথা জানিয়েছিল। আদিত্য বলেছিল, "গত ১৫ দিনে মার্কিন নৌবাহিনীর কাছ থেকে ওরা অন্তত দু’বার হুঁশিয়ারি-বার্তা পেয়েছে।" হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাওয়ার সময় কাছাকাছি অন্য একটি জাহাজে হামলার কথাও পরিবারকে জানিয়েছিল আদিত্য। বর্তমানে শোকাবহ পরিবারটি শেষ মুহূর্তে কী ঘটেছিল তা জানতে এবং আদিত্যের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নতুন হামলার শঙ্কা

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ। নাবিকদের জীবন ও আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা এই ধরণের পদক্ষেপকে 'কোনোভাবেই গ্রহণযোগ্য নয়' বলে মন্তব্য করেন তিনি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরেকটি ভারতীয় জাহাজে হামলা

এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওমান উপকূলে ফের মার্কিন বাহিনীর হামলার মুখে পড়েছে আরেকটি বাণিজ্যিক জাহাজ। ওমানের শিনাস (Sinas) বন্দরের কাছে এই হামলা ঘটে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা সমগ্র পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

ওমানের সাংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহাজটিতে কয়েক জন ভারতীয় নাবিক রয়েছেন। হামলার জেরে জাহাজ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট হয়নি। তবে প্রাথমিক ভাবে জানানো হয়েছে যে, নাবিকেরা সকলেই সুরক্ষিত রয়েছেন। গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজ ‘জলবীর’-এ এই হামলা হয়েছে বলে ওমানের সংবাদমাধ্যমগুলোর দাবি।#

পার্সটুডে/এমএআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।