‘আগের চেয়েও কাছাকাছি’: ২৪ ঘণ্টার মধ্যে ইরান-মার্কিন সমঝোতা: শাহবাজ শরীফ
https://parstoday.ir/bn/news/event-i160294-আগের_চেয়েও_কাছাকাছি’_২৪_ঘণ্টার_মধ্যে_ইরান_মার্কিন_সমঝোতা_শাহবাজ_শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হতে আর মাত্র ২৪ ঘণ্টা বাকি। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে।
(last modified 2026-06-13T14:02:36+00:00 )
জুন ১৩, ২০২৬ ১৯:৫৮ Asia/Dhaka
  • বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের সংসদ স্পিকার ও  মোহাম্মদ বাকের কালিবাফ (১১ এপ্রিল, ২০২৬)
    বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের সংসদ স্পিকার ও মোহাম্মদ বাকের কালিবাফ (১১ এপ্রিল, ২০২৬)

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হতে আর মাত্র ২৪ ঘণ্টা বাকি। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে।

আজ (শনিবার) এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে শাহবাজ শরীফ জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার পরপরই ভার্চুয়ালি স্বাক্ষর অনুষ্ঠিত হবে এবং আগামী সপ্তাহে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা হবে।

তিনি লিখেছেন, *"আমরা আগের চেয়ে শান্তিচুক্তির অনেক কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্তকরণের সম্ভাবনা থাকায়, পাকিস্তান তার পরপরই শান্তিচুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে, তারপর আগামী সপ্তাহে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা।"

প্রধানমন্ত্রী তেহরান ও ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন, এই ঐতিহাসিক চুক্তি স্থায়ী শান্তির শক্ত ভিত্তি হবে।

ইরানের অবস্থান: ১৪ দফা প্যাকেজ প্রায় চূড়ান্ত

শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জানান, মার্কিন-ইসরায়েলি যুদ্ধে ইরানের বিজয় সুসংহত করতে ১৪ দফা সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, ধারাগুলো পরস্পরসংযুক্ত এবং একটি একক প্যাকেজ হিসেবে বিবেচিত হবে। চূড়ান্ত অনুমোদনের আগ পর্যন্ত নথিতে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি।

আরাকচি এক্স-এ লিখেছেন, *"ইসলামাবাদ সমঝোতা স্মারক এর আগে কখনও এত কাছে আসেনি।"

রাশিয়া-চীনের ভূমিকা

একই দিনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি তেহরানে রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে খসড়া এমওইউ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "ইরান, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব ও সমন্বয় শক্তভাবে অব্যাহত থাকবে।"

পার্সটুডে/এমএআর/১৩