পক্ষপাতমূলক বা একপেশে দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে হুঁশিয়ারি
মার্কিন হামলার নিন্দা জানাক জাতিসংঘের মানবাধিকার প্রধান: ইরান
-
জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি
পার্সটুডে: জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তিনি ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক হামলার নিন্দা জানান। তিনি সতর্ক করে বলেন, এসব হামলার ফলে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি বলেন, "অবৈধ হামলাগুলো" আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, এতে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
বাহরেইনি হামলার শিকার হওয়া কয়েকটি বেসামরিক স্থাপনার তালিকা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তেহরান-মাশহাদ রেলপথের কিছু অংশ, দেহলোরান জেলার একটি সুপেয় পানির পরিশোধন কেন্দ্র এবং হোভেইযেহ ও দাশত-ই আজাদেগান জেলার গম সংরক্ষণাগার।
রাষ্ট্রদূত আরও জানান, হামলার অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল দক্ষিণাঞ্চলের মাছ ধরার নৌযান, সেমনান বিমানবন্দর এবং আহভাজের শহীদ বাকায়ি হাসপাতালের আশপাশের এলাকা। ওই হাসপাতালের কাছে সাম্প্রতিক এক হামলার কারণে ক্যানসারে আক্রান্ত শিশু রোগীদের জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নিতে হয়।
পক্ষপাতমূলক মানবাধিকার মানদণ্ডের বিরুদ্ধে সতর্কবার্তা
ইরানি কূটনীতিক সামরিক হামলার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের নীরবতার জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি সতর্ক করে বলেন, যখন জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘিত হচ্ছে এবং বেসামরিক মানুষ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও দৃঢ় প্রতিক্রিয়ার অভাব মানবাধিকার সুরক্ষায় পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির ধারণাকে আরও জোরদার করে।
বাহরেইনি চিঠিতে লিখেছেন, "স্পষ্ট, সময়োপযোগী এবং দৃঢ় প্রতিক্রিয়ার অভাব থেকে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন প্রয়োগের ক্ষেত্রে একটি পক্ষপাতমূলক বা একপেশে দৃষ্টিভঙ্গির ইঙ্গিত পাওয়া যায়।" #
পার্স টুডে/এমএএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।