ইরাকি প্রতিরোধ বাহিনীর ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব
https://parstoday.ir/bn/news/event-i161766-ইরাকি_প্রতিরোধ_বাহিনীর_ঘাঁটিতে_যৌথ_বিমান_হামলা_চালাল_যুক্তরাষ্ট্র_ও_সৌদি_আরব
পার্সটুডে: যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমইউ) বা হাশদ আশ-শাবির একাধিক ঘাঁটি ও অস্ত্রভাণ্ডারের বিরুদ্ধে সমন্বিত বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।
(last modified 2026-07-29T05:31:50+00:00 )
জুলাই ২৯, ২০২৬ ১১:১৩ Asia/Dhaka
  • ফাইল ছবি: সৌদি আরবের যুদ্ধবিমান
    ফাইল ছবি: সৌদি আরবের যুদ্ধবিমান

পার্সটুডে: যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমইউ) বা হাশদ আশ-শাবির একাধিক ঘাঁটি ও অস্ত্রভাণ্ডারের বিরুদ্ধে সমন্বিত বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।

আজ (বুধবার) ভোরে পৃথক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথ এই হামলার কথা ঘোষণা করে। তারা জানায়, সন্ত্রাসবিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর জোট হিসেবে কাজ করা পিএমইউর ঘাঁটি ও অস্ত্র সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, সেন্টকমের সমন্বয়ে সৌদি বাহিনী এমন কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যেগুলো সাম্প্রতিক সময়ে সৌদি তেল অবকাঠামোর ওপর হামলায় জড়িত ছিল বলে তিনি দাবি করেন।

সেন্টকমও জানায়, মার্কিন ও সৌদি যুদ্ধবিমান পূর্ব ইরাকে অবস্থিত একাধিক লজিস্টিক ঘাঁটি এবং অস্ত্র সংরক্ষণাগারে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ৭২ ঘণ্টায় ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদের তেল স্থাপনাগুলোর বিরুদ্ধে কথিত ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবে এই আগ্রাসন চালানো হয়েছে।

এদিকে ইরাকি সূত্র, বিভিন্ন আরব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ-মাধ্যমের ব্যবহারকারীরা জানিয়েছেন, ইরাকের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা হয়েছে। তবে হামলার বিস্তারিত তথ্য, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এসব প্রতিবেদনের মতে, সবচেয়ে বড় হামলাগুলো হয়েছে বসরা প্রদেশে। সেখানে আল-দাইর এলাকায় হাশদ আশ-শাবির অপারেশনাল সদরদপ্তর এবং সংগঠনটির অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

আল-হাদাথসহ বিভিন্ন আরব সংবাদমাধ্যম একাধিক বিমান হামলা এবং কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নজরদারি ক্যামেরার ভিডিওতে ওই এলাকায় বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। বসরায় পিএমইউর অপারেশনস কমান্ড জানিয়েছে, তাদের একটি সদরদপ্তরের আশপাশে তিনটি বিমান হামলা হয়েছে এবং দুটি ক্ষেপণাস্ত্র কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে।

অন্য খবরে বলা হয়েছে, ওয়াসিত প্রদেশের আল-সুয়াইরা এলাকায় অবস্থিত ঘাঁটি ও অস্ত্রভাণ্ডার, যার মধ্যে আল-ফাতহ আল-মুবিন ঘাঁটিও রয়েছে, সেগুলোও হামলার শিকার হয়েছে।

বিভিন্ন সূত্র আরও জানিয়েছে, বাবিল প্রদেশে হাশদ আশ-শাবির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানেও হামলা চালানো হয়েছে। এর মধ্যে জুরফ আল-নাসর এলাকার অবস্থানগুলোও রয়েছে।

এছাড়া যাচাই না হওয়া কিছু প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে, নিনেভেহ সমভূমি, কিরকুক, কারবালা এবং পূর্ব ইরাকের আরও কয়েকটি এলাকায়ও হাশদ আল-শাবির অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে।

 আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে বলে সৌদিকে সতর্ক করেছিল ইরাকি প্রতিরোধ বাহিনী

ইরাকি প্রতিরোধ বাহিনী চলতি সপ্তাহের শুরুতেই সৌদি আরবকে ইরাকের ভূখণ্ডে এ ধরনের সামরিক হামলা না চালানোর সতর্কবার্তা দিয়েছিল। এর আগে রিয়াদ অভিযোগ করেছিল যে, তাদের কয়েকটি তেল স্থাপনায় হামলার উৎস ছিল ইরাক।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরোধ বাহিনী সৌদি আরবের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং সেগুলোকে “ভিত্তিহীন” বলে আখ্যা দেয়।

বিবৃতিতে বলা হয়, “এই ভিত্তিহীন অভিযোগগুলো... ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর অত্যন্ত কার্যকর অভিযানের মুখে সৌদি শাসকগোষ্ঠীর গভীরভাবে সুরক্ষিত অবকাঠামো রক্ষায় সম্পূর্ণ ব্যর্থতাকে আড়াল করার একটি স্পষ্ট প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।”

প্রতিরোধ বাহিনী আরও ঘোষণা করে, “আমরা ইসলামী প্রতিরোধের পক্ষ থেকে সৌদি শাসকগোষ্ঠীকে স্পষ্টভাবে সতর্ক করছি যে, তাদের যেকোনো বোকামিপূর্ণ পদক্ষেপের জবাবে এমন সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানানো হবে, যা তাদের গভীর অনুশোচনায় বাধ্য করবে।”

বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষকে ইরাকের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধ করে এবং ইয়েমেনের ওপর রিয়াদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। #
 

পার্সটুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।