অন্যান্য দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলার উদ্দেশ্যে ইসরায়েলি ষড়যন্ত্র?
'আমিরাতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর মিথ্যা, ইসরায়েলি ফলস-ফ্ল্যাগ অভিযানের ছাপ'
-
ছবিতে দুবাইয়ের একটি দৃশ্য
পার্সটুডে: প্রেস টিভির এক প্রতিবেদকের অনুসন্ধানে দেখা গেছে, মঙ্গলবার ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে—এমন খবরের কোনো ভিত্তি নেই।
গতকাল (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা “ইরান থেকে দেশটির দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।”
তবে প্রেস টিভির প্রতিবেদকের পর্যালোচনায় দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার যে খবর প্রচার করা হয়েছে, তা সঠিক নয়।
পুরো যুদ্ধজুড়ে ইরানের কর্মকাণ্ডে দেখা গেছে, তারা যখনই কোনো পদক্ষেপ নিয়েছে, তখনই সে বিষয়ে বিবৃতি দিয়েছে এবং এর দায় স্বীকার করেছে।
অন্যদিকে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর মিথ্যা পতাকা বা ফলস-ফ্ল্যাগ অভিযান পরিচালনার দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক থাকতে ইরান বারবার আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেছে।
২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধে ইরান পাল্টা জবাব হিসেবে গোটা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতও ছিল। ইরানের সশস্ত্র বাহিনী তাদের অভিযান সম্পর্কে স্পষ্ট ছিল এবং বিবৃতি দিয়ে লক্ষ্যবস্তু স্থাপনাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করেছিল।
সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আরেকটি সাম্প্রতিক ফলস-ফ্ল্যাগ কৌশলের ঘটনা ঘটে। ওই দিন একটি ড্রোন হামলায় কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়।
একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি হামলাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী বারজানির কার্যালয়ে এই বেপরোয়া হামলার কোনো যৌক্তিকতা নেই। প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে পরিচালিত ফলস-ফ্ল্যাগ ষড়যন্ত্রের ব্যাপারে কুর্দি বন্ধুদের সতর্ক থাকা উচিত।”
তিনি আরও বলেন, “সাদ্দাম ও দায়েশের বিরুদ্ধে আমরা আমাদের কুর্দি বন্ধুদের সুরক্ষা দিয়েছি এবং আমাদের সীমান্তে তারা যে নিরাপত্তা দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।”
বিশ্লেষকদের মতে, ইসরায়েলি শাসকগোষ্ঠী অন্যান্য দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলার উদ্দেশ্যে এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ব্যবহার করতে চাইছে। #
পার্সটুডে/এমএএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন