আইএইএ'র সম্মেলনে ইরানের পরমাণু প্রধানকে ভিসা দেয়নি অস্ট্রিয়া
https://parstoday.ir/bn/news/event-i163080-আইএইএ'র_সম্মেলনে_ইরানের_পরমাণু_প্রধানকে_ভিসা_দেয়নি_অস্ট্রিয়া
পার্সটুডে: ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামিকে ভিসা না দেয়ায় তিনি ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) একটি সম্মেলনে অংশ নিতে পারেননি বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার-মাধ্যম (IRIB) জানিয়েছে।
(last modified 2026-09-14T11:30:51+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১৭:০৫ Asia/Dhaka
  • ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি
    ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি

পার্সটুডে: ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামিকে ভিসা না দেয়ায় তিনি ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) একটি সম্মেলনে অংশ নিতে পারেননি বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার-মাধ্যম (IRIB) জানিয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার (AEOI) প্রধান ইসলামি এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদল শনিবার ভিয়েনার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা করেছিলেন। পরে তাঁরা তেহরানে ফিরে আসেন বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার-মাধ্যম (IRIB) জানিয়েছে।

আজ সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, অস্ট্রিয়ার উচিত ছিল ইরানি প্রতিনিধিদলকে প্রবেশের ভিসা দেওয়া। তিনি জানান, তেহরানে নিযুক্ত অস্ট্রিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে এবং সেখানে ইরান আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

তিনি বলেন, “এসব কিছুই পরস্পরবিরোধী। একদিকে তারা (পশ্চিমারা) একটি ভুল প্রতিবেদন তৈরি করছে, অন্যদিকে নিজেদের পক্ষে বক্তব্য তুলে ধরার জন্য একটি দেশের প্রতিনিধিদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে।”

বাকায়ি আরও বলেছেন, “তারা ইরানের কণ্ঠস্বর যাতে বিশ্বের কাছে পৌঁছাতে না পারে, সেটিই নিশ্চিত করতে চাইছে। অস্ট্রিয়া যদি দাবি করে থাকে যে তারা মার্কিন চাপের কারণে এই পদক্ষেপ নিয়েছে, তাতেও আয়োজক সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যায় না।”

ইরানের বিরুদ্ধে IAEA-এর বোর্ড অব গভর্নরসে একটি প্রস্তাব পাসের প্রচেষ্টা প্রসঙ্গে বাকায়ি বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের দায়-দায়িত্ব বা পরিণতি-এড়ানো সময় অতিক্রমের কারণে বিলীন হয়ে যায় না।

তিনি বলেন, “বিষয়গুলো ব্যাখ্যা করতে আমরা প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে থাকি ।”

ইরানের এই মুখপাত্র দুঃখ প্রকাশ করে বলেছেন, বিষয়টি ইতোমধ্যে দু’বার পুনরাবৃত্তি হওয়া সত্ত্বেও IAEA-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি আবারও ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব তৈরির প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। #
 

পার্সটুডে/এমএআর/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।