গোপন আঁতাতের পরিণতি সম্পর্কে বাংলাদেশ পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i163406-গোপন_আঁতাতের_পরিণতি_সম্পর্কে_বাংলাদেশ_পুলিশকে_স্বরাষ্ট্রমন্ত্রীর_হুঁশিয়ারি
পার্সটুডে- গোপন আঁতাতের পরিণতি সম্পর্কে বাংলাদেশ পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে। কোনো পুলিশ কর্মকর্তা জনগণের প্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে তাঁর পরিণতি ভালো হবে না।
(last modified 2026-09-26T08:10:08+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৩:২৭ Asia/Dhaka
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পার্সটুডে- গোপন আঁতাতের পরিণতি সম্পর্কে বাংলাদেশ পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে। কোনো পুলিশ কর্মকর্তা জনগণের প্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে তাঁর পরিণতি ভালো হবে না।

মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তিকে পুলিশের কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে বা অন্যভাবে সহযোগিতা করছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করা, দায়িত্বে অবহেলা করার ঘটনাও আছে। ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশ সদস্যদের সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

আজ শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য ৯৮ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।

জনগণ পুলিশকে রাজাবাদশার মতো দেখতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ জনবান্ধব পুলিশ দেখতে চায়। কোনো জায়গায় গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যা জনগণের চোখে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। অধস্তনদেরও এমন আচরণের অনুমতি বা প্রশ্রয় দেওয়া যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ভিত্তি, জন-আকাঙ্ক্ষা, ব্যাপক জনপ্রত্যাশা এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ওপর গঠিত সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী। সরকার পুরস্কার ও শাস্তির নীতিতে বিশ্বাস করে। প্রতিনিয়ত সৃষ্টির পালন ও দুষ্টের দমন চলছে। তিনি বলেন, ‘হয়তো শতভাগ ন্যায়বিচার আমরা প্রত্যেকের কাছে পালন করতে পারছি না, বাস্তবায়ন করতে পারছি না। কিন্তু সময় ফুরিয়ে যায়। মেসেজ একটাই। আশা করি, মেসেজটা পেয়েছেন।’#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।