বাংলাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর ক্ষমতার গরমের আঁচ পড়েছে: বিরোধী নেতা
https://parstoday.ir/bn/news/event-i163408-বাংলাদেশের_স্বাস্থ্যসেবা_কেন্দ্রের_ওপর_ক্ষমতার_গরমের_আঁচ_পড়েছে_বিরোধী_নেতা
পার্সটুডে- বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
(last modified 2026-09-26T09:00:40+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৪:২৫ Asia/Dhaka
  • জামায়াতে ইসলামির আমির
    জামায়াতে ইসলামির আমির

পার্সটুডে- বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’

জামায়াত আমির বলেন, ‘কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’

তিনি বলেন, ‘এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।’

‘সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্যদিকে চলছে এই খেলা,’ বলেন শফিকুর।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আর কত দিন এ ধরনের খেলা চলবে?’ ‘দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে,’ সতর্ক করেন তিনি।

এর আগে গতকাল ভোরে একদল হামলাকারী জোরপূর্বক মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করে এবং একটি এক্সকাভেটরসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে অন্তত তিনটি স্থাপনা ভেঙে ফেলে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় ২০০ জন এই ভাঙচুরে অংশ নেয়, যাদের অনেকের মুখে মাস্ক ছিল।

কর্মকর্তারা অভিযোগ করেন, হামলাকারীরা কেন্দ্রটি থেকে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিষ্ঠানটির কর্মীরা গতকাল স্বাস্ব্যসেবা কেন্দ্রের প্রাঙ্গণে মানববন্ধন করেন।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।