রাজনীতিকদের শোক প্রকাশ
কাশ্মীরে পুলিশের বাসে গেরিলা হামলা: কর্মকর্তাসহ নিহত ৩, আহত ১২
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের এলোপাথাড়ি গুলিবর্ষণে কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।
গতকাল (সোমবার) দিবাগত সন্ধ্যায় শ্রীনগরের নিকটবর্তী জেওয়ানের পান্থচক এলাকায় একটি পুলিশ বাসে হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এরপর আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান আরেকজনের মৃত্যু হয়। এভাবে গত ৪ দিনে ৫ পুলিশ সদস্য গেরিলা হামলায় নিহত হলেন। এরআগে গত (শুক্রবার) বান্দিপোরায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।
নিহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক গুলাম হাসান, কনস্টেবল শফিক আলী ও রমিজ আহমেদ। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, আহতদের ১২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
অন্য আহত পুলিশ সদস্যরা হলেন- সাজ্জাদ আহমেদ, বিশাম্বর কুমার, সঞ্জয় কুমার, বিকাশ শর্মা, আবদুল মাজিদ, মুদাসসির আহমেদ, রবি কান্ত, শওকত আলী, আরশিদ আহমেদ, সতবীর শর্মা, লিয়াকত আলী এবং আদিল আলী। এরা সকলেই জম্মু-কাশ্মীর সশস্ত্র পুলিশের ৯ম ব্যাটেলিয়নের কনস্টেবল।
পুলিশ বলছে, জঙ্গিরা আরিপোরা জিওয়ান রোডে পুলিশ কর্মীদের বহনকারী একটি বাসে নির্বিচারে গুলি চালায়। বাসটি অত্যন্ত সুরক্ষিত এলাকায় আক্রমণ করা হয় যেখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কয়েকটি ক্যাম্প রয়েছে। তারা বলেন, সামনে থেকে জঙ্গিরা বাসে গুলিবর্ষণ করে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায় এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ দেয়নি। ওই কর্মকর্তা বলেন, পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে।
গণমাধ্যমে প্রকাশ, বাদামীবাগ সেনা ক্যান্টনমেন্ট থেকে কয়েক কিলোমিটার দূরে জিওয়ান। জিওয়ানে বহু পুরনো জম্মু-কাশ্মীরের পুলিশ ট্রেনিং সেন্টার রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসী হামলার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। একইসঙ্গে তিনি শহীদ হওয়া নিরাপত্তা কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গভর্নর মনোজ সিনহা এক বার্তায় বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘শ্রীনগরে শহীদ হওয়া জওয়ানদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গোটা দেশ চায় এই সুন্দর উপত্যকায় শান্তি থাকুক, সন্ত্রাসের অবসান হোক।’
ওই হামলার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওমর বলেন, ‘শ্রীনগরে পুলিশের বাসে সন্ত্রাসী হামলার ভয়ঙ্কর খবর। এই হামলার নিন্দা করছি। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেন, ‘শ্রীনগরে জঙ্গি হানার খবর শুনে আমি স্তম্ভিত। যেসব সাহসী জওয়ান প্রাণ হারিয়েছেন, দেশ তাদের ভুলবে না। শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’
গত ১০ ডিসেম্বর শুক্রবার জম্মু-কাশ্মীরের বান্দিপোরার গুলশান চকে অজ্ঞাত গেরিলা হামলায় মুহাম্মাদ সুলতান এবং ফায়াজ আহমেদ নামে দুই পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের গেরিলা হামলায় পুলিশ সদস্যদের হতাহতের ঘটনা ঘটল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।