শ্রীনগরে দুটি গেরিলা হামলায় ৩ পুলিশকর্মী নিহত, রাইফেল লুট
জম্মু-কাশ্মিরের শ্রীনগরে দুটি আলাদা গেরিলা হামলায় এক কর্মকর্তাসহ ৩ পুলিশ কর্মী নিহত হয়েছে। অন্য দু’জন আহত হলে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ (সোমবার) সকালে প্রথম হামলাটি হয় শ্রীনগরের জাদিবালে এবং দ্বিতীয় হামলা হয় শ্রীনগরের তঙ্গপোরাতে। স্থানীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে হিজবুল মুজাহিদীনের এক মুখপাত্র ওই হামলার দায় স্বীকার করেছে।
মাত্র ঘণ্টা দুয়েকের ব্যবধানে দুটি পৃথক গেরিলা হামলায় পুলিশ কর্মীদের হতাহতের ঘটনায় নিরাপত্তা নিয়ে কার্যত বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। শ্রীনগরের জাদিবাল পুলিশ স্টেশনটি শহরের মধ্যে অবস্থিত হওয়ায় এখানে গেরিলা হামলাতে অনেকেই অবাক হয়েছেন। এখানে গেরিলারা এলোপাথাড়ি গুলি চালালে দুই পুলিশ কর্মী নিহত হয়। বন্দুকধারীরা অবশ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
কিছু মানুষের দাবি, পুলিশ স্টেশনে হামলার সময় তারা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যখন চেকপয়েন্টে পুলিশ কর্মীরা চা পান করছিলেন তখন মোটর সাইকেলে আসা দুই গেরিলা তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়।
স্থানীয় সাংবাদিক মাজিদ জাহাঙ্গীর পুলিশকে উদ্ধৃত করে বলেন, হামলায় এএসআই গুলাম মুহাম্মদ এবং হেডকনস্টেবল নাসির আহমদ নিহত হয়েছে। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে।
অন্য একটি সূত্রে প্রকাশ, আক্রমণকারীরা প্রায় ৫ মিনিট ধরে একনাগাড়ে গুলি চালালে ওই দুই পুলিশ কর্মী ঘটনাস্থলেই নিহত হয়। থানার বাইরেই পুলিশের একটি দল মোতায়েন থাকাকালীন ওই আক্রমণ হয়।
এদিকে, ওই ঘটনার জের মিটতে না মিটতেই ৫/৭ কিলোমিটার দূরে তঙ্গপোরাতে গেরিলারা দ্বিতীয় হামলা চালায়। এখানে মুহাম্মদ সাদিক নামে এক পুলিশ কর্মী নিহত হয়। গেরিলারা ওই পুলিশ কর্মীর রাইফেল লুট করে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহত ওই পুলিশকর্মী স্থানীয় এক নেতার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়ক এলাকার কাছাকাছি এ ঘটনায় পুলিশ চারদিক দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে। #
পার্সটুডে/এমএএইচ/এআর/২৩