পুলিশকে দিয়ে এনকাউন্টারের হুমকি দিলেন বিজেপি বিধায়ক, নিন্দা কুণালের  
https://parstoday.ir/bn/news/india-i102700-পুলিশকে_দিয়ে_এনকাউন্টারের_হুমকি_দিলেন_বিজেপি_বিধায়ক_নিন্দা_কুণালের
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে দিয়ে এনকাউন্টারের হুমকি দিয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৯, ২০২২ ২০:৩৫ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে দিয়ে এনকাউন্টারের হুমকি দিয়েছেন।

তিনি আজ (বুধবার) এক প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়ে ওই হুঁশিয়ারি দেন। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।   

গতকাল (মঙ্গলবার) নদিয়া জেলার গয়েশপুরে বিজেপি’র বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাসের উপরে হামলার প্রতিবাদে আজ (বুধবার) উত্তর ২৪ পরগণা জেলার চাঁদপাড়ায় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির অভিযোগ, ওই হামলায় তৃণমূল জড়িত। 

ওই ইস্যুতে আজ এক প্রতিবাদ কর্মসূচিতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন,  ‘গতকাল তৃণমূলের হার্মাদ বাহিনীর লোকেরা জেলা সভাপতির উপরে আক্রমণ চালিয়েছে। এটা খুবই নিন্দনীয়। সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশকে কাজে লাগিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের উপর অত্যাচার করছে তৃণমূল।’  ওই বিজেপি বিধায়ক রাজ্যে ক্ষমতাসীন তৃনমূলকে টার্গেট করে হুঁশিয়ারি দিয়ে বলেন,  ‘যারা এই তালিবানি শাসনে বিশ্বাসী আমি তাদের বলে দিতে চাই, আগামীদিনে  আমরা ক্ষমতায় এলে এই পুলিশদের দিয়েই তাদের এনকাউন্টার করা হবে।’    

এ প্রসঙ্গে আজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন,  ‘উনি গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে এমন কথা কীভাবে বলেন! উনি এনকাউন্টার করাবেন বলছেন! আশ্চর্য হতে হয়। ওরা আসলে পুলিশরাজে বিশ্বাস করেন। সন্ত্রাসে বিশ্বাসী। ওরা উত্তর প্রদেশের পুলিশদের দেখে অভ্যস্থ। যখন-তখন এনকাউন্টার হয়  ওখানে। সে জন্য এসব বলে। ওরা প্ররোচনা ছড়াচ্ছেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’   

এ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান শংকর দত্ত বলেন,  ‘বিজেপি একটি উচ্ছৃঙ্খল দল। ওদের বিষয়ে যত কম বলা যায়, ততই ভাল। ওরা ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে৷ ওরা পালানোর পথ পাবে না, বাংলার মানুষ তৈরি আছে। স্বপন মজুমদার একজন জালিয়াত। জন্ম প্রমাণপত্র জাল করেছে। ওর বিরুদ্ধে মামলা চলছে৷ ওর বিধায়ক পদ খারিজ হবে।’ বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বলেও তৃণমূল নেতা শঙ্কর দত্ত মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এনএম/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।