পশ্চিমবঙ্গে শপথ নিলেন ৯ জন নতুন মন্ত্রী, মুসলিম মুখ ১
https://parstoday.ir/bn/news/india-i111434-পশ্চিমবঙ্গে_শপথ_নিলেন_৯_জন_নতুন_মন্ত্রী_মুসলিম_মুখ_১
ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার রদবদল করা হয়েছে। আজ (বুধবার) রাজভবনে নতুন ৭ জনসহ মোট ৯ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। নতুন মন্ত্রীদের মধ্যে একজন মুসলিম মুখ রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০২২ ১৪:০৪ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে শপথ নিলেন ৯ জন নতুন মন্ত্রী, মুসলিম মুখ ১

ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার রদবদল করা হয়েছে। আজ (বুধবার) রাজভবনে নতুন ৭ জনসহ মোট ৯ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। নতুন মন্ত্রীদের মধ্যে একজন মুসলিম মুখ রয়েছেন।

মন্ত্রিসভায় যারা আজ জায়গা পেয়েছেন তাদের মধ্যে আছেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী, তাজমূল হোসেন, সত্যজিৎ বর্মন এবং বীরবাহা হাঁসদা। এদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, বাবুল সুপ্রিয় এবং স্নেহাশিস চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন বীরবাহা  হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুরী। এ ছাড়া প্রতিমন্ত্রী হয়েছেন তাজমূল হোসেন এবং সত্যজিৎ বর্মন।

রাজ্যে ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের  মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। পশ্চিমবঙ্গে বিধানসভার সংখ্যার নিরিখে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ সর্বোচ্চ ৪০ জন মন্ত্রী থাকতে পারেন। আজ সেই সীমা পূর্ণ হল। আজকের ওই শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক  শুভেন্দু অধিকারীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না।

এদিকে, দলীয় সাংগঠনিক কারণে যাদেরকে মন্ত্রিত্ব অব্যাহতি দেওয়া হচ্ছে বলে খবর ছড়িয়েছে তারা হলেন, হুমায়ুন কবীর, পরেশ অধিকারী, রত্না দে নাগ এবং সৌমেন মহাপাত্র। এ ছাড়াও গোলাম রব্বানী মন্ত্রিসভায় থেকে যাচ্ছেন কী না, তা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।