বিজেপি সরকার
ধর্মীয় রেখা টেনে দেশকে বিভক্ত করছে, এটা বন্ধ হোক: ডা. ফারুক আবদুল্লাহ
ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, সরকার ধর্মীয় রেখা টেনে দেশকে বিভক্ত করছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন।
গতকাল (শনিবার) নিজ বাসায় বিভিন্ন বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ফারুক আবদুল্লাহ বলেন, জম্মু-কাশ্মীর একটি ধর্মনিরপেক্ষ রাজ্য। কিন্তু হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে এবং মুসলমানদেরকে হিন্দুদের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। আমরা জম্মু-কাশ্মীর নিয়ে গর্বিত। এটি একটি ধর্মনিরপেক্ষ রাজ্য। এটি ভারতের মুকুট এবং সর্বদা ভারতের মুকুট থাকবে। সরকারের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, ওরা ২২/২৪ কোটি মুসলমানদের নিয়ে কী করবে? সাগরে নিক্ষেপ করবে? নাকি চীনে পাঠাবে?
তিনি বলেন, ‘গান্ধীজি রাম রাজ্যের কথা বলতেন, যার অর্থ ছিল একটি কল্যাণমূলক রাষ্ট্র যেখানে সকল মানুষ সমান সুযোগ পাবে এবং কারো প্রতি কোনো বৈষম্য হবে না। আমাদের সকলের উচিত গান্ধীজির আদর্শ অনুসরণ করা। সম্প্রদায়গুলোকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো উচিত নয়।’
সর্বদলীয় বৈঠকের পর, ডা. আবদুল্লাহ বলেন, আজ জম্মু চেম্বার অফ কমার্স সম্পত্তি করের বিরুদ্ধে বনধ ডেকেছিল। রাজ্যে যুবকদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। এতে বোঝা যায় জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভালো নয়। জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করা সমগ্র দেশের জন্য একটি ট্র্যাজেডি। জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ। আমরা এ দেশের। তাহলে আমাদের সাথে কেন এমন করা হচ্ছে? আমরা দেশবিরোধী নই।’
তিনি বলেন, ‘আমরা দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করব। আমরা তাদের কাছে দাবি করব যে এখানে নির্বাচন সময়ের আগে অনুষ্ঠিত হোক এবং জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পেতে তাদের সাহায্য চাইব। জাতীয় স্তরে বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করব’ বলেও মন্তব্য করেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১২
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।